নয়াদিল্লি: একটা সময় জাতীয় দলে তাঁর জায়গা ছিল পাকা। তারপর বয়স ছাপ ফেলেছে শরীরে। কিন্তু তবুও, আইপিএলে তাঁর লেগ স্পিনের সামনে মাঝে মাঝেই অসহায় দেখিয়েছে বহু ব্যাটারকে। কিন্তু এবার সব ধরনের ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন পীযূষ চাওলা।

২০১১ বিশ্বকাপ ও ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। আইপিএলেও গত ১৮ বছরে বিভিন্ন দলে খেলেছেন এই স্পিনার। কিংস ইলেভেন পাঞ্জাবে খেলার সময় বিপক্ষের কার্যত ত্রাস ছিলেন এই খেলোয়াড়। কলকাতা নাইট রাইডার্সেও তাঁর পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ২০২৪ সালে তাঁকে নিলামে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্সও।
এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়ে পীযূষ লেখেন, “দুই দশকেরও বেশি সময় ধরে মাঠে খেলার পর, এই সুন্দর খেলাকে বিদায় জানানোর সময় এসেছে। সর্বোচ্চ স্তরে ভারতের প্রতিনিধিত্ব করা, ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ জয়ী দলের অংশ হওয়া—এই অসাধারণ যাত্রার প্রতিটি মুহূর্ত আমার জন্য আশীর্বাদের মতো। এই স্মৃতিগুলো সবসময় আমার মনে থাকবে। আইপিএলে পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মতো ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতি কৃতজ্ঞ, যারা আমার উপর ভরসা রেখেছিল।”