ব্রিসবেন: মধুর প্রতিশোধ। ওডিআই সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ১-২ ব্যবধানে হেরেছিল ভারত। টি-২০ সিরিজে সেই আক্ষেপ ভুলিয়ে দিলেন সূর্যকুমার যাদবরা। শনিবার ব্রিসবেনে বজ্র-বিদ্যুত্ সহকারে বৃষ্টির জেরে পঞ্চম ম্যাচ ভেস্তে যায়। ফলে নিশ্চিত হয় ২-১ ব্যবধানে টিম ইন্ডিয়ার সিরিজ জয়। সেই সঙ্গে সূর্যরা বুঝিয়ে দিলেন কেন তাঁরা টি-২০’তে বিশ্বচ্যাম্পিয়ন!
অস্ট্রেলিয়ার মাটিতে আগেও টি-২০ সিরিজ জিতেছে ভারত। এটা দ্বিতীয়বার। এছাড়া দু’টি সিরিজ ড্র হয়। রোহিত-বিরাট উত্তর যুগে অস্ট্রেলিয়ার মাটিতে এটাই ছিল গম্ভীর ব্রিগেডের প্রথম টি-২০ সিরিজ। আর তাতে রীতিমতো দাপট দেখিয়েছেন ভারতের তরুণ তুর্কিরা। আলাদাভাবে প্রশংসা করতে হবে অভিষেক শর্মার। বাঁহাতি ওপেনারটি মোট ১৬৩ রান করে সিরিজের সেরা হয়েছেন।
শনিবার ব্রিসবেনে টস হেরে ব্যাট করতে নামে ভারত। দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার। শুভমান গিলকে রীতিমতো রক-সলিড দেখাচ্ছিল। খেলা বন্ধ হওয়ার সময় তাঁর নামের পাশে ছ’টি বাউন্ডারি সহ ১৬ বলে ২৯ রান। আর ১২ বলে ২৩ রানের ইনিংস খেলার পথে অনন্য রেকর্ড গড়েন অভিষেক। টি-২০ ফরম্যাটে বলের নিরিখে দ্রুততম হাজার রানের নজির এখন অভিষেকের নামের পাশে। ৫২৮ বলে এই মাইলস্টোন স্পর্শ করেন তিনি। টপকে যান সূর্যকুমারকে। ভারত অধিনায়ক হাজার রানে পৌঁছেছিলেন ৫৭৩টি বল খেলে। তবে এদিন দু’বার জীবনদানও পেয়েছেন অভিষেক। ম্যাক্সওয়েল ও ডয়ারশুইস তাঁর দু’টি ক্যাচ ফস্কান। আসলে স্লোয়ার ডেলিভারিতে বারবার অস্বস্তিতে পড়ছেন তিনি। আগামী বছর বিশ্বকাপের আগে ভুল না শোধরালে সমস্যায় পড়বেন বাঁহাতি ওপেনার।
গিল-অভিষেক যখন ব্যাটে ঝড় তুলছিলেন তখনই শুরু প্রাকৃতিক দুর্যোগ। প্রচণ্ড বজ্র-বিদ্যুতের কারণে খেলা থামিয়ে দেন আম্পায়াররা। পরে আঝোরে বৃষ্টি নামলে খেলা ভেস্তে যায়। সেই সময় ভারতের স্কোর ছিল ৪.৫ ওভারে বিনা উইকেটে ৫২। সিরিজ জেতার মঞ্চে দাঁড়িয়ে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব বলছিলেন, ‘ঘরের মাঠে মেয়েরা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে আমরা টি-২০ সিরিজ জিতলাম। ভারতীয় ক্রিকেট ভালো দিশায় রয়েছে।’ অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শের মন্তব্য, ‘যোগ্য দল হিসেবেই জিতেছে ভারত। ওদের অভিনন্দন। তবে আমরা ঘুরে দাঁড়াব।’