পাকিস্তান: ৩৩৭/৯ (৫০)
ভারত: ৩৩৯/৯ (৫০)
ভারত ১ উইকেটে জয়ী
মাসকট: ‘পহেলা গোলি উও চালায়েগা। আখরি গোলি হাম।’ মেজর কুলদীপ সিংয়ের গলায় আগুন। ২৯ বছর আগে আসমুদ্রহিমাচল তোলপাড় করেছিল ‘বর্ডার।’ জাম্প কাট ২০২৬। ওমানের আল আমেরাত স্টেডিয়ামে মোহিত উলভার ব্যাট ফেরাল রুপোলি পর্দার স্মৃতি। শুরুটা ওরা করুক। শেষ করব আমরাই। প্রতিশোধের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত। শেষ বলে চার মেরে নাটকীয় জয়। স্রেফ বদলা নয়, এ যেন ওয়াঘার পাড়ে সার্জিকাল স্ট্রাইক। গ্যালারিতে জাতীয় পতাকার দাপাদাপি। ‘ভারতমাতা কি জয়’ স্লোগানে যুদ্ধজয়ের আমেজ। ভাঙড়া, তাসায় পাক বধ আরও রঙিন। আগে ব্যাট করে ৯ উইকেটে ৩৩৭ করেছিল পাকিস্তান। জবাবে ২৫২ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। সেখান থেকে ঐতিহাসিক জয়। ১০ নম্বরে নামা মোহিত উলভার ব্যাট যেন খাপ খোলা তলোয়ার। ২৬ বলে অপরাজিত ৪৯ গুরুত্বের বিচারে সেঞ্চুরির চেয়েও বেশি।
১৯৮৮’র শারজা কখনও ভুলবেন না চেতন শর্মা। গোটা ভারতের কাছেও অভিশপ্ত। চেতন শর্মার শেষ ওভারে ছক্কা মেরেই দু’হাতে ডানা মেলেছিলেন জাভেদ মিয়াঁদাদ। আজকের আর্যবীর সেওয়াগ, মানাল চৌহ্বানদের তখন জন্মই হয়নি। মরুশহরে স্নায়ুর চাপকে বশ মানিয়ে ভারতকে হারানোর নিনজা টেকনিক তখন পাকিস্তানের একচেটিয়া। কিন্তু সময় বদলেছে। এখন ভারতীয় ক্রিকেট পালটা দিতে জানে। ওমানে লক্ষ্য, আর্যবীরদের ব্যাটে মিসাইল হানা। তবে মিডল অর্ডার ব্যর্থ হওয়ায় হারের অশনি সংকেত ছিল ভারতের কাছে। অতি বড়ো সমর্থকও ভাবতে পারেননি, এই ম্যাচ বের করা সম্ভব। পাক গ্যালারি থেকে তখন উড়ে আসছে বাছা বাছা বিশেষণ। লাহোর, করাচির রাস্তায় উৎসবের আগাম প্রস্তুতি। গ্রুপ লিগের পর ফাইনালেও ভারতকে হারানোর স্বপ্ন। গতবারেও তো এমনটা হয়েছিল। ১৯১ রানের বিশাল ব্যবধানে মেন ইন ব্লুজ’কে পরাস্ত করেছিল পাকিস্তান। সেখান থেকে এই প্রত্যাবর্তন ২২ গজে রূপকথার জন্ম দিল। ট্রফি জয়। তা-ও আবার চিরপ্রতিদ্বন্দ্বীকে বশ মানিয়ে। ক্রিকেট মাঠে এ যেন তারুণ্যের আস্ফালন। বিপক্ষের চোখে চোখ রেখে আর্যবীররা বলতে জানেন, ‘ইয়ে নয়া হিন্দুস্তান হ্যায়। ইয়ে ঘর মে ঘুসেগা ভি অউর মারেগা ভি।’



