ওয়াশিংটন: ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল কিনবে ভারত। চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত হয়েছে। শনিবার এমনই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিন পর্যন্ত ইরান থেকে তেল কিনত ভারত। পশ্চিম এশিয়ার এই দেশের উপর আমেরিকা আর্থিক নিষেধাজ্ঞা জারি করে। এরপর বিকল্প হিসেবে রাশিয়াকে বেছে নেয়
ভারত। সেই রাশিয়ার উপরও মার্কিন খড়্গহস্ত নেমে এসেছে। এরমধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে দেশে নিয়ে গিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প দাবি করেছেন,
ডেলসি রডরিগেজকে সামনে রেখে আসলে ভেনেজুয়েলা চালাচ্ছেন তিনি। আর সে কারণেই তাঁর ভেনেজুয়েলা থেকে ভারতের তেল কেনার দাবি আলাদা গুরুত্ব পাচ্ছে। যদিও ট্রাম্পের দাবি নিয়ে মুখ খোলেনি সাউথ ব্লক। শনিবার এয়ার ফোর্স ওয়ানে করে ওয়াশিংটন থেকে ফ্লোরিডা যান ট্রাম্প। মাঝ আকাশেই সাংবাদিকদের কাছে ভারতের তেল কেনার বিষয়ে মন্তব্য করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘চীন চুক্তিকে স্বাগত জানিয়েছে। আমাদের চুক্তি হয়েছে। ভারতও এগিয়ে আসছে। ইরান নির্ভরতা ছেড়ে তারা ভেনেজুয়েলার থেকে তেল কিনতে চলেছে। চুক্তির খুঁটিনাটি আমরা তৈরি করেছি।’ ট্রাম্পের মন্তব্য সামনে আসার পরেই মোদি সরকারকে বিঁধেছে কংগ্রেস। দলের কমিউনিকেশন শাখার ইন-চার্জ জয়রাম রমেশ এক্স হ্যান্ডলে ট্রাম্পের সাক্ষাৎকারের অডিও প্রকাশ করে লেখেন, ‘মার্কিন প্রেসিডেন্টই আমাদের জানিয়েছিলেন, অপারেশন সিন্দুর বন্ধ হচ্ছে। তিনিই জানিয়েছিলেন, রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করছে ভারত। আর এবার ভেনেজুয়েলার
তেল কেনার ঘোষণা।’ এরপরেই মোদি সরকারকে জয়রামের খোঁচা, ‘আমাদের সরকার কী করছে,
কী করতে চলেছে, তা নিয়ে ট্রাম্প আমাদের
জানিয়ে চলেছেন!’