নয়াদিল্লি: রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে প্যালেস্টাইনের পক্ষে ভোট ভারতের। বৃহস্পতিবার প্যালেস্টাইনের মানুষ ও সিরিয়ান গোলানের বাসিন্দাদের প্রাকৃতিক সম্পদের উপর অধিকার এবং ইজরায়েলের শোষণের বিরুদ্ধে একটি প্রস্তাব পেশ করেছিল উরুগুয়ে। সেই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৫০টি দেশ। বিপক্ষে গিয়েছে আমেরিকা, ইজরায়েল সহ মোট ৭টি দেশের ভোট। কোনো পক্ষেই ভোট দেয়নি ১১টি দেশ।
উরুগুয়ের পেশ করা এই প্রস্তাবে প্যালেস্তাইনের বাসিন্দা ও অধিকৃত সিরিয়ান গোলানের অধিবাসীদের ভূমি, জল সহ যাবতীয় প্রাকৃতিক সম্পদের উপর পূর্ণ অধিকারের কথা বলা বয়েছে। দাবি করা হয়েছে, ইজরায়েল যেন পূর্ব জেরুজালেম, সিরিয়ান গোলান সহ এই অধিকৃত এলাকাগুলির সম্পদের ক্ষতিসাধন না করে। এই প্রস্তাবে আরও বলা হয়েছে, দখল করে রাখা এলাকায় ইজরায়েল যে দেওয়াল তৈরি করেছে তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এই দেওয়াল প্যালেস্টাইনের নাগরিকদের তাঁদের অধিকার থেকে বঞ্চিত করছে। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতেই হবে ইজরায়েলকে। কোনোভাবেই পূর্ব জেরুজালেম সহ প্যালেস্টাইনের অধিকৃত এলাকার চরিত্র বদল করা যাবে না। প্যালেস্টাইনের অধিবাসীদের আবাসিক এলাকায় আবর্জনা ফেলাসহ পরিবেশের কোনোরকম ক্ষতিসাধন করা যাবে না। ক্ষতিসাধন করা যাবে না পরিকাঠামোরও।



