নিউ ইয়র্ক: পাকিস্তানকে দায়িত্বশীল হওয়ার শিক্ষা দিল ভারত। ফের জম্মু ও কাশ্মীর প্রসঙ্গ টেনে আনায় রাষ্ট্রসংঘে নয়াদিল্লির তীব্র সমালোচনার মুখে পড়ল ইসলামাবাদ। ভারত বলেছে, রাষ্ট্রসংঘের মতো একটি আন্তর্জাতিক সংস্থার অংশ হওয়া বিরাট দায়িত্বের বিষয়। পাকিস্তানের মনে রাখা উচিত, তা ‘পক্ষপাতদুষ্ট মিথ্যা বয়ান’ ছড়ানোর কোনো মঞ্চ নয়।
রাষ্ট্রসংঘের রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতানেলি হরিশ বলেছেন, কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়। পাকিস্তান অযাচিতভাবে জম্মু ও কাশ্মীরের উল্লেখ করে আমাকে জবাব দিতে বাধ্য করেছে। পাকিস্তান তাদের বিভাজনমূলক রাজনৈতিক স্বার্থে বরাবর রাষ্ট্রসংঘের মতো মর্যাদাপূর্ণ মঞ্চের অপব্যবহার করে এসেছে। এবারও তার ব্যতিক্রম হল না। হরিশ আরও বলেন, নিরাপত্তা পরিষদের মঞ্চে পাকিস্তান তাদের উপস্থিতির অপব্যবহার করেছে। তারা ভুল তথ্য ও বিভ্রান্তিকর বার্তা প্রচার করেছে। আমি পাকিস্তানকে মনে করিয়ে দিতে চাই, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হওয়া একটি বিশাল দায়িত্ব। এটি পক্ষপাতদুষ্ট মিথ্যা বয়ান ছড়ানোর কোনো মঞ্চ নয়।
শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় নিরাপত্তা পরিষদের ‘বার্ষিক প্রতিবেদন’-এর উপর বক্তব্য রাখার সময় পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ জম্মু ও কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করেন। তারই জবাব দিতে গিয়ে পাকিস্তানকে তীব্র আক্রমণ করেন হরিশ। তাঁর তোপ, জম্মু ও কাশ্মীর চিরকালই ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং ভবিষ্যতেও তাই থাকবে। পাকিস্তান ফাঁকা বুলি ও অন্তঃসারশূন্য দাবি তুলে বাস্তবটাকে বদলাতে পারবে না।