ফের আত্মসমর্পণ ভারতের, শেষ চার ম্যাচে ১৮ গোল হজম করল খালিদ ব্রিগেড
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউজিল্যান্ড-৩        :        ভারত-০

Advertisement

ক্রাইস্টচার্চ: ৪, ৬, ৫, ৩! ক্রিকেট বা বাস্কেটবলের স্কোর ভেবে ভুল করবেন না। এটা শেষ চার ম্যাচে ভারতীয় ফুটবল দলের গোল হজমের খতিয়ান। যোগফল ১৮। দুর্গাপুজোর আগে ব্রাজিল ও উরুগুয়ের কাছে দশ গোল খেয়ে নিউজিল্যান্ডে পাড়ি দিয়েছিল খালিদ ব্রিগেড। অকল্যান্ডে প্রথম ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে পাঁচ গোলের মালা পরেছিল ব্লু টাইগার্স। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচের আগে অতি বড়ো সমর্থকও তেমন আশাবাদী ছিলেন না। তা হয়ওনি। রবিবার রিচার্ড হ্যাডলির দেশে ০-৩ ব্যবধানে ধরাশায়ী ভারত। দুর্বল রক্ষণ, দিশাহীন মাঝমাঠের পাশাপাশি অদ্ভুত টিম কম্বিনেশন। দলকে ডোবানোর জন্য এটুকুই যথেষ্ট। ফলে যা হওয়ার তাই হচ্ছে। আগামী ডিসেম্বরে ফেডারেশনের নির্বাচন। রাজধানীর ফুটবল হাউসে জোর ফিসফাস তারপর খালিদের চাকরি থাকবে তো? দায়িত্ব নেওয়ার পর কার্যত ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছিল মুম্বইকরকে। দল গোছানোর জন্য যথেষ্ট সময় পেয়েও চূড়ান্ত ব্যর্থ তিনি। ডিরেক্টর সুব্রত পালের ভূমিকাই বা কী? জাতীয় দলের এই লজ্জার দায় তাঁকেও নিতে হবে। 
এদিন টিম লিস্ট দেখে অনেকেই বিস্মিত। স্টপারে মেহতাবের সঙ্গী জয় গুপ্তা! ক্লাব ফুটবলেও জয়কে স্টপারে খেলানোর সাহস পাননি হাবাস। সেখানে দুর্দান্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত কেন? বক্স টু বক্স মিডিও অনিরুদ্ধ থাপাকে সাপোর্ট করার জন্য আশিক কুরুনিয়ানকে উইং হাফ থেকে সরানো হল। বেচারা, নিজের ভূমিকা বুঝে ওঠার আগেই ম্যাচ শেষ। দ্বিতীয়ার্ধে মুড়ি মুড়কির মতো বদলও অর্থহীন। গোটা ম্যাচে লম্বা কিক নিয়ে গেলেন গোলরক্ষক বিশাল কাইথ। সিঙ্গল স্ট্রাইকার রায়ান উইলিয়ামসের পক্ষে তার নাগাল পাওয়া অসম্ভব। স্রেফ প্রেসিং ফুটবলে ভারতকে ছারখার করে দিল নিউজিল্যান্ড। 
এদিন ৯ মিনিটে এগিয়ে যেতে পারত কিউয়িরা। ড্যারেন বাজলের শট সাইডনেটে আছড়ে পড়ে। ২২ মিনিটে দলকে লিড এনে দেন ফিন সারম্যান। এক্ষেত্রে ক্যালামের কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করেন দীর্ঘদেহী ফুটবলার (১-০)। গোললাইন ছেড়ে বেরিয়ে এসে ফ্লাইট মিস করেন বিশালও। ৪০ মিনিটে ২-০। জেমসের গোলের সময় রক্ষণ ফের বিভ্রান্ত। বিরতির ঠিক আগে ডানদিক থেকে ভেসে আসা বল ট্যাপ করে জাল কাঁপান ক্রিস উড (৩-০)। লেফট উইং ব্যাক নাওরেম রোশান সিং তখন জায়গাতেই নেই। তিন গোলের পর তেমন কিছু বাকি ছিল না। গোলরক্ষক বিশাল কাইথ অন্তত দু’টি ক্ষেত্রে নিশ্চিত গোল বাঁচান। এছাড়া স্টপারে বিজয় ভার্গিস, পরমবীরদের নামিয়ে রক্ষণ জমাট করার চেষ্টা করলেন কোচ। ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। শেষদিকে বিজয় ভার্গিস গোললাইন সেভ না করলে লজ্জা আরও বাড়ত।
ভারত: বিশাল (হৃত্বিক), অভিষেক (বিজয়), রোশান (ডেভিড), জয়, মেহতাব, আকাশ (পরমবীর), অনিরুদ্ধ (তোম্বা), মনবীর (হামতে), রায়ান (ফানাই), সানান (সুহেল), আশিক (লিস্টন)।