Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সুপার ফোরে আজ নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা, ফিল্ডিংয়ে খামতি ঢাকার চ্যালেঞ্জ সূর্যদের

বাংলাদেশকে হারিয়ে ইতিমধ্যে এশিয়া কাপের ফাইনালে জায়গা পাকা করেছে টিম ইন্ডিয়া। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের শেষ ম্যাচ সূর্যকুমারদের কাছে স্রেফ নিয়মরক্ষার।

সুপার ফোরে আজ নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা, ফিল্ডিংয়ে খামতি ঢাকার চ্যালেঞ্জ সূর্যদের
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

দুবাই: বাংলাদেশকে হারিয়ে ইতিমধ্যে এশিয়া কাপের ফাইনালে জায়গা পাকা করেছে টিম ইন্ডিয়া। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের শেষ ম্যাচ সূর্যকুমারদের কাছে স্রেফ নিয়মরক্ষার। তাছাড়া পর পর দু’টি ম্যাচ হেরে শ্রীলঙ্কা আগেই বিদায় নিয়েছে। ফলে দুই দলই চাইবে রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের বেশি করে সুযোগ দিতে।

Advertisement

এশিয়া কাপে এখনও পর্যন্ত অপরাজিত ভারত। তার মধ্যে পাকিস্তানকে দু’বার হারিয়ে মনোবল অনেকটাই বাড়িয়ে নিয়েছেন গিলরা। তবে খেতাবি লড়াইয়ে নামার আগে প্রথম সারির ক্রিকেটারদের বিশ্রাম প্রয়োজন। দুবাইয়ের প্রচণ্ড গরমে ব্যাক টু ব্যাক ম্যাচ খেলে ক্রিকেটাররা ক্লান্ত। তাই বুমরাহ, কুলদীপ যাদবদের বসিয়ে অর্শদীপ সিং, রিঙ্কু সিংদের সুযোগ দেওয়া হতে পারে। হার্দিক পান্ডিয়ার ওয়ার্কলোড কমানোর কথাও ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট। উইকেটকিপার জিতেশ শর্মা সুযোগ পেতে পারেন।
তারই মধ্যে ভারতীয় দল কিন্তু জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া। সেই সঙ্গে ফাইনালের আগে ছোটখাট ভুলত্রুটি শুধরে নেওয়ার প্রয়াস থাকবে ক্রিকেটারদের মধ্যে। বিশেষ করে শেষ দুই ম্যাচে টিম ইন্ডিয়ার ফিল্ডিং একেবারেই পাতে দেওয়ার মতো ছিল না। বাংলাদেশ ম্যাচেই পড়েছে পাঁচটি ক্যাচ। তার আগে পাকিস্তানের বিরুদ্ধেও একাধিক সহজ ক্যাচ ফেলেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। তার জন্য দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের আলোকে দায়ী করা হচ্ছে। তবে এই অজুহাত ধোপে টিকবে না। ফাইনালে একই ভুলের পুনরাবৃত্তি হলে ট্রফি জয় অধরা থেকে যেতে পারে। 
ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে সফল অভিষেক শর্মা। ধারাবাহিকভাবে তিনি রান করছেন। তাঁর ধারেকাছে আর কেউ নেই। পাকিস্তানের বিরুদ্ধে ৪৭ ছাড়া নামের প্রতি সুবিচার করতে পারেননি গিল। অধিনায়ক সূর্যকুমার শেষ দুই ম্যাচে ডাহা ব্যর্থ। ব্যাটার শিবম দুবে ক্রমাগত হতাশ করছেন। এই সমস্যাগুলো বড় আকার নেয়নি দল সাফল্য পাচ্ছে বলে। তাই বিকল্প খোঁজার চেষ্টায় কোচ গম্ভীর। শুক্রবার রিঙ্কু সিং সুযোগ পেতে পারেন। সঞ্জুকে বসিয়ে খেলানো হতে পারে জিতেশকে। ব্যাটিং অর্ডারেও ফের বদল হতে পারে। বাঁহাতি পেসার অর্শদীপ সিং হয়তো খেলবেন। এছাড়া সুযোগ পেতে পারেন হর্ষিত রানা।
শ্রীলঙ্কার ব্যাটিং বেশ শক্তিশালী। পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আশালঙ্কা, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা ভারতীয় বোলারদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন। বল হাতে ভেল্কি দেখাতে পারেন স্পিনার হাসারাঙ্গা। তুলনায় শ্রীলঙ্কার পেস আক্রমণ কিছুটা নড়বড়ে।
 খেলা শুরু ভারতীয় সময় রাত ৮টায়।
সম্প্রচার সোনি স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ