Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

আফগানদের হোয়াইটওয়াশ করতে প্রস্তুত ভারত, আজ খেলতে পারেন বৈভব সূর্যবংশী

দাপটের সঙ্গে পর পর দু’টি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া। তাই বৃহস্পতিবার ফিরোজ শাহ কোটলায় আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় তথা অন্তিম টি-২০ ম্যাচে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষার সুযোগ রয়েছে কোচ গৌতম গম্ভীরের সামনে।

আফগানদের হোয়াইটওয়াশ করতে প্রস্তুত ভারত, আজ খেলতে পারেন বৈভব সূর্যবংশী
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দাপটের সঙ্গে পর পর দু’টি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া। তাই বৃহস্পতিবার ফিরোজ শাহ কোটলায় আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় তথা অন্তিম টি-২০ ম্যাচে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষার সুযোগ রয়েছে কোচ গৌতম গম্ভীরের সামনে। সেই পথে কি তিনি হাঁটবেন? উত্তর লুকিয়ে সময়ের গর্ভে। সাধারণত এরকম পরিস্থিতিতে ক্রিকেটারদের ওয়ার্কলোড কমানোর কথা ভাবা হয়। ফলে সুযোগ আসে রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের সামনে।

Advertisement

ওপেনিং জুটিতে সামান্য চিন্তা ছিল সঞ্জুর ফর্ম নিয়ে। সেটাও কেটেছে গত ম্যাচে। ঝোড়ো হাফ-সেঞ্চুরিতে কেরলের ক্রিকেটারটি বুঝিয়ে দিয়েছেন, তাঁর উপর ভরসা রাখা যেতেই পারে। পাশাপাশি, বাঁ-হাতি ব্যাটার অভিষেক শর্মাও দুর্দান্ত ফর্মে। তাই তাঁদের মধ্যে একজনকে বিশ্রাম দিয়ে উদীয়মান তারকা বৈভব সূর্যবংশীকে দেখে নেওয়া যেতে পারে। দ্বিতীয় টি-২০ জেতার পর সেই ইঙ্গিত দিয়েছেন ক্যাপ্টেন শ্রেয়স আয়ারও। তাঁর কথায়, ‘তৃতীয় ম্যাচে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ আমরা নষ্ট করব না।’ অর্থাৎ রিজার্ভ ক্রিকেটারদের খেলার সম্ভাবনা থাকছে। আরও একটি অঙ্ক সামনে আসছে। ঈশান কিষান একটানা ম্যাচ খেলছেন। তাই তাঁর বিশ্রাম জরুরি। সেক্ষেত্রে বিকল্প হিসেবে সূর্যবংশী সেরা অপশন বলেই মনে করা হচ্ছে। মোদ্দা কথা হল, সূর্যবংশী প্রবলভাবেই রয়েছেন চর্চায়।
চোট সারিয়ে ফেরা যশপ্রীত বুমরাহর উপর বাড়তি নজর ছিল এই সিরিজে। প্রথম দু’টি ম্যাচে সেভাবে জ্বলে উঠতে না পারলেও তারকা পেসার কিন্তু ছন্দে রয়েছেন। তুলে নিয়েছেন দু’টি উইকেট। এশিয়ান গেমসে খেলতে যাওয়ার আগে বুমরাহ চাইবেন তৃতীয় ম্যাচে আরও কয়েকটা উইকেট ঝুলিতে পুরে মনোবল বাড়িয়ে নিতে। পঞ্চম বোলারের সমস্যা কিছুটা দূর হয়েছে। নীতীশ রেড্ডি গত ম্যাচে তিন উইকেট নিয়েছেন। তরুণ অলরাউন্ডারের কাঁধে হার্দিকের অভাব ঢাকার গুরুদায়িত্ব। তবে শিবম দুবে কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারছেন না।
অন্যদিকে, আফগানিস্তানের হারানোর কিছু নেই। একটা সময় তাদের দেশ বিশের ফরম্যাটে তাবড় তাবড় প্রতিপক্ষের ঘুম ছুটিয়েছে। সেই নিরিখে এই আফগান দল খুবই দুর্বল। তবে হোয়াইটওয়াশের হাত থেকে বাঁচতে গুরবাজরা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবেন।
 ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে।
সম্প্রচার সোনি স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ