Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

এশিয়া কাপের ফাইনালের জন্য প্রস্তুত ভারত: দীপ্তি

দাপটে মহিলাদের এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত। বৃহস্পতিবার সেমি-ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে জয় এসেছে ৪০ রানে

এশিয়া কাপের ফাইনালের জন্য প্রস্তুত ভারত: দীপ্তি
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুবাই: দাপটে মহিলাদের এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত। বৃহস্পতিবার সেমি-ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে জয় এসেছে ৪০ রানে। রবিবার ফাইনালে হরমনপ্রীত কাউর ব্রিগেডের প্রতিপক্ষ দ্বিতীয় সেমি-ফাইনালে পাকিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচের বিজয়ী। তবে তার আগে ফিল্ডিং চিন্তায় রাখছে শিবিরকে। চলতি আসরে যতই প্রতিটি ম্যাচ জিতে চ্যাম্পিয়নশিপের সামনে আসুক টিম ইন্ডিয়া, কিছু দুর্বলতা স্পষ্টই।

Advertisement

বাংলাদেশের বিরুদ্ধে যেমন পড়েছে চারটি ক্যাচ। তারমধ্যে প্রতীকা রাওয়ালই ফেলেছেন দুটো। গ্রুপ পর্বেও ক্যাচ পড়েছে তাঁর হাত থেকে। স্মৃতি মান্ধানাও ফসকেছেন ক্যাচ। রিচা ঘোষ ও নন্দানি শর্মার সংঘর্ষে পদ্মাপাড়ের দেশের বিরুদ্ধে পড়ে চতুর্থ ক্যাচ। ফিল্ডিং নিয়ে উদ্বেগ তাই বড়েছে। তবে অলরাউন্ডার দীপ্তি শর্মা সেভাবে দেখছেন না। তাঁর মতে, ‘দলগতভাবে আমাদের ফিল্ডিং খারাপ হচ্ছে না। ট্রেনিংয়ে প্রচুর ক্যাচ ধরছি সকলে। তবে তা সত্ত্বেও ক্যাচ মিস হয়েই যায়। এটা খেলারই অঙ্গ। আমরা এখন ফাইনাল নিয়েই ভাবছি। তিন বিভাগেই সেরাটা উজাড় করে দিতে দল প্রস্তুত।’
ফাইনালের প্রতিদ্বন্দ্বী ঠিক হয়ে যাওয়ার পর দ্রুত স্ট্র্যাটেজি ঠিক হবে বলেও জানিয়েছেন দীপ্তি। তাঁর কথায়, ‘উলটোদিকে যে দলই থাক না কেন, কাউকেই হালকাভাবে নেওয়ার প্রশ্ন নেই। পাকিস্তান বা শ্রীলঙ্কা, যাদের বিরুদ্ধেই খেলতে হোক না কেন, প্রতি ম্যাচে উন্নতির পথে থাকাই আমাদের লক্ষ্য। দলগতভাবে আরও ভালো হয়ে উঠতে চাইছি।’
এবারের প্রতিযোগিতায় ৪ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন দীপ্তি। সেমি-ফাইনালে তাঁর শিকারসংখ্যা ৩। পাশাপাশি, ব্যাট হাতেও রেখেছেন অবদান। বাংলাদেশের বিরুদ্ধেই যেমন শেষ পর্বে ৬ বল খেলে করেন ঝোড়ো ১৩।  তিনি বলেছেন, ‘যখনই সুযোগ আসে, ব্যাট হাতে অবদান রাখতে চাই। জানি যে সেই ক্ষমতা আমার রয়েছে। খুশি যে কয়েকটা বল খেলতে পেরেছি। তবে প্রথমে ব্যাট করছি না বোলিং, সেটা ভাবি না। অলরাউন্ডার হিসেবে ব্যাটে-বলে অবদান রাখতে চাই সবসময়।’

Advertisement
সম্পর্কিত সংবাদ