Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

আফগানিস্তানের বিরুদ্ধে আজ সিরিজ জয়ের হাতছানি ভারতের

প্রথম ম্যাচে এসেছে দুর্দান্ত জয়। ৭ উইকেটে আফগানিস্তানকে উড়িয়ে মনোবল বাড়িয়ে নিতে সফল শ্রেয়স আয়াররা।

আফগানিস্তানের বিরুদ্ধে আজ সিরিজ জয়ের হাতছানি ভারতের
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রথম ম্যাচে এসেছে দুর্দান্ত জয়। ৭ উইকেটে আফগানিস্তানকে উড়িয়ে মনোবল বাড়িয়ে নিতে সফল শ্রেয়স আয়াররা। তবুও কাঁটা হয়ে বিঁধছে সঞ্জু স্যামসনের অফ ফর্ম এবং পঞ্চম বোলারের অভাব। এই খামতি মিটিয়েই মঙ্গলবার ফিরোজ শাহ কোটলায় আফগানদের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজে শ্রেয়স বাহিনী এগিয়ে ১-০ ব্যবধানে। অর্থাৎ মঙ্গলবার জিতলেই সিরিজ নিশ্চিত ভারতের। তবে পেশিতে টানের জন্য বরুণ চক্রবর্তী এই সিরিজ থেকেই ছিটকে গেলেন। ফলে বাকি দুটো ম্যাচে তাঁকে পাচ্ছে না দল। এশিয়ান গেমসে যদিও তাঁর ব্যাপারে আশাবাদী টিম ইন্ডিয়া।

Advertisement

সেই আসরে নামার আগে চলতি সিরিজ হয়ে উঠছে প্রস্তুতির অঙ্গ। রবিবার চোট সারিয়ে ফেরা তারকা পেসার যশপ্রীত বুমরাহ প্রথম ওভারেই উইকেট তুলে নেন। আফগানিস্তানের ব্যাটিংয়ে ধস নামিয়ে নজর কেড়েছেন বাঁ হাতি পেসার অর্শদীপও। তবে পঞ্চম বোলার হিসাবে শিবম দুবে কিংবা নীতীশ রেড্ডি ব্যর্থ। হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডারের অভাব সেই কারণেই বড় হয়ে দেখা দিয়েছে। বরুণের পরিবর্তে মঙ্গলবার খেলতে পারেন ওয়াশিংটন সুন্দর বা রবি বিষ্ণোই।
প্রথম ম্যাচে ভারতের জয়ের অন্যতম কাণ্ডারি অভিষেক শর্মা। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের সামনে আফগানিস্তানের ছুড়ে দেওয়া ১৫৭-র টার্গেট কোনো চ্যালেঞ্জ হতে পারেনি। ৩২ বলে অভিষেক ৮২ রান করেন। তবে হতাশ করেছেন ভারতের বিশ্বকাপে জয়ের নায়ক সঞ্জু স্যামসন। এই সিরিজের আগেও তিনি ছন্দে ছিলেন না। তার পরেও কোচ গৌতম গম্ভীর তাঁর উপর আস্থা দেখাচ্ছেন। দ্রুত অফ ফর্ম কাটিয়ে উঠতে না পারলে এশিয়ান গেমসে বিকল্প হিসেবে তরুণ তুর্কি বৈভব সূর্যবংশীকে ভাবা উচিত। দলীপ ট্রফির ফর্ম ধরে রেখেছেন ঈশান কিষান। তাই সঞ্জুর ব্যর্থতা সেভাবে বিপাকে ফেলতে পারেনি ভারতকে। পরের দিকে শ্রেয়স, তিলকের মতো ম্যাচ উইনার থাকাটাও বড় স্বস্তি। তাছাড়া অক্ষর প্যাটেল, নীতীশ রেড্ডি, শিবম দুবের মতো অলরাউন্ডারও রয়েছেন, যাঁরা ব্যাটে-বলে বদলে দিতে পারেন ম্যাচের রং। 
এদিকে, ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যাটিং ভরাডুবিই হারিয়েছে আফগানিস্তানকে। তবে সংক্ষিপ্ততম ফরম্যাটে কাবুলিওয়ালার দেশ বরাবরই বিপজ্জনক। সেকথা মাথায় রেখেই নামতে হবে শ্রেয়সদের। 
 ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সম্প্রচার সোনি স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ