দুবাই: পাকিস্তানের দুই ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসি’তে অভিযোগ জানাল বিসিসিআই। সুপার ফোরে ভারত-পাক মহারণে ভারতীয় দর্শকদের উদ্দেশে আপত্তিকর অঙ্গভঙ্গি করেছিলেন তারকা হ্যারিস রাউফ। তাঁকে প্লেন ক্র্যাশের ইশারা করতে দেখা যায়। আর অর্ধশতরানের পর ফারহান ‘বন্ধুক চালানোর’ সেলিব্রেশন করেন। এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসি’তে মেল পাঠিয়েছে ভারতীয় বোর্ড। এবং জবাবদিহির জন্য তাঁদের তলবও করেছেন আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। শুধু তাই নয় বিতর্কে ঘি ঢেলেছেন পিসিবি প্রধান মহসিন নাকভিও। সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর এক ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, সিআরসেভেনও প্লেন ক্র্যাশের ন্যায় সেলিব্রেশন করছেন। নাকভি শুধু পিসিবি’র চেয়ারম্যান নন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও প্রধান। এমন গুরত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি কীভাবে এই পোস্ট করেন, তা নিয়ে সমালোচনার মুখে তিনি।



