


• প্রেক্ষাগৃহে সিনেমা দেখা এখন ব্যায়বহুল। সে কারণেই দর্শকের ভিড় কমছে। ধুঁকছে বক্স অফিসও। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সিনেমা হলের সংখ্যা বাড়ানো প্রয়োজন। পাশাপাশি কমাতে হবে টিকিটের দামও। চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে এখন এটাই একমাত্র পথ বলে মনে করেন আমির খান। বৃহস্পতিবার থেকে মুম্বইয়ে শুরু হয়েছে ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট (ওয়েভস)। সেই অনুষ্ঠানে এই মত দিয়েছেন আমির। তাঁর কথায়, ‘ভারতে প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়ানো দরকার। দেশের এমন অনেক জেলা, গ্রাম রয়েছে, সেখানে একটাও সিনেমা হল নেই। বিগত কয়েক দশক ধরে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ইন্ডাস্ট্রিকে। বক্স অফিসেও তার প্রভাব পড়ছে। আমার মতে, প্রেক্ষাগৃহের উপর বেশি করে বিনিয়োগ করা প্রয়োজন।’
বৃহস্পতিবার একই সুরে কথা বলেছিলেন শাহরুখ খানও। ওই অনুষ্ঠানে শাহরুখ বলেন, ‘সিনেমা তৈরি করা এখন ভীষণ কঠিন। বিনোদনের জন্য অন্যান্য প্রচুর প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। মনোরঞ্জনের জন্য এখন আর মানুষকে ভাবতে হয় না। আমাদের দেশ সাংস্কৃতিক দিক থেকে সমৃদ্ধ। এখানে সিনেমা তৈরির পরিকাঠামো আরও উন্নত করা জরুরি।’ অনুষ্ঠানের দ্বিতীয় দিন উপস্থিত ছিলেন অভিনেত্রী করিনা কাপুর খান। তিনি মনে করেন, বিশ্বব্যাপী পরিচিতি পাওয়ার জন্য হলিউডে কাজ করার প্রয়োজন নেই। বলিউডে কাজ করেও তা সম্ভব। অন্যদিকে, পহেলগাঁওয়ের প্রসঙ্গও উঠে এসেছে ওয়েভসের অনুষ্ঠানে। রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ ছবির প্রথম ঝলক এই অনুষ্ঠানে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে পহেলগাঁওয়ের কাণ্ডের পর শোকস্তব্ধ গোটা দেশ। এই আবহে ছবির ঝলক মুক্তি স্থগিত রেখেছেন নির্মাতারা।