আমস্টেলভিন: বিশ্বকাপ হকি থেকে বিদায় ভারতের। শনিবার দ্বিতীয় পর্বের পয়লা ম্যাচেই আয়োজক দেশ ও ওলিম্পিকস চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের কাছে ১-৩ ব্যবধানে হারল ভারত। এই পরাজয়ের ফলে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল হরমনপ্রীত সিং ব্রিগেড। সোমবার দ্বিতীয় রাউন্ডের গুরুত্বহীন শেষ ম্যাচে আর্জেন্তিনার বিরুদ্ধে খেলবে ভারত। সেই ম্যাচে জিতলে ৩ পয়েন্ট হবে টিম ইন্ডিয়ার। যা শেষ চারের দরজা খোলার জন্য যথেষ্ট হবে না। ভারতের ম্যাচ দেখতে এদিন আমস্টেলভিনে উপস্থিত ছিলেন রাহুল দ্রাবিড়, স্টিভ ওয়া ও অভিষেক বচ্চনদের মতো তারকা। তবে তৃতীয় কোয়ার্টারে ৪১ মিনিটে প্রথম গোল করে ডাচ ব্রিগেড। গোলদাতা তেলজেনকাম্প। ৫১ মিনিটে ২-০ করেন হোয়েডমেকার্স। পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমান হরমনপ্রীত (১-২)। কিন্তু ৫৫ মিনিটে থিজস ভান ড্যামের গোলে চুরমার টিম ইন্ডিয়ার আশা।



