দোহা: গত বছর বিশ্বকাপের বাছাই পর্বে কাতারের বিরুদ্ধে রেফারির ভুল সিদ্ধান্তের খেসারত গুনতে হয়েছিল ভারতীয় সিনিয়র দলকে। সেদিন লাইন থেকে বল বেরিয়ে যাওয়ার পরেও রেফারি খেলা চালিয়ে যান। আর সেই আক্রমণ থেকেই গোল হজম করে ১-২ ব্যবধানে হেরে মাঠ ছেড়েছিল ইগর স্টিমাচের ছেলেরা। এবার বয়স ভিত্তিক ফুটবলেও সেই একই ছবি। শনিবার অনূর্ধ্ব-২৩ এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে রেফারির ভুল সিদ্ধান্তের শিকার ভারতীয় দল। ম্যাচের দ্বিতীয়ার্ধে বক্সে বল দখলের লড়াইয়ে কোনওরকম হার্ড ট্যাকল ছাড়াই অহেতুক পেনাল্টির বাঁশি বাজান অস্ট্রেলিয়ান রেফারি অ্যাডাম কেরসি। শুধু তাই নয়, লাল কার্ড দেখেন ভারতের পরমবীর। ফলস্বরূপ, ১-২ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে নৌশাদ মুসার ছেলেরা। ম্যাচ শেষে এই নিয়ে ক্ষোভ উগরে দেয় ভারতীয় শিবির। কোচ মুসা বলেন, ‘এএফসি-র মঞ্চে এমন খারাপ রেফারিং কখনওই কাম্য নয়। তবে ছেলেদের লড়াইয়ের প্রশংসা করতে হবে। আমাদের কাছে এখনও সুযোগ রয়েছে গ্রুপের দ্বিতীয় দল হয়ে পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করার।’



