নয়াদিল্লি: সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। এদিন বইপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র একঝাঁক নেতা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, জম্মু ও কাশ্মীরের ওমর আবদুল্লা, কর্ণাটকের ডি কে শিবকুমার, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। ছিলেন এনসিপি (শারদপন্থী) নেত্রী সুপ্রিয়া সুলে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীও মায়ের বইপ্রকাশ অনুষ্ঠানে এসেছিলেন। অনুষ্ঠানে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা অমরিন্দর সিংয়ের উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে। একেবারে সামনের সারিতে সোনিয়ার সঙ্গে ছিলেন তিনি। কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীর গ্রন্থ ঘিরে বিজেপি ও কংগ্রেসের চাপানউতোরের মাঝে অমরিন্দরের উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, পাঞ্জাবে গত বিধানসভা ভোটের আগে কংগ্রেস ছাড়েন অমরিন্দর। পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।
আত্মজীবনী লেখার কারণ হিসাবে এদিন সোনিয়া বলেন, ‘আমার পরিবার ও আমাকে নিয়ে অনেক কথা বলা হয়। এসব কথার বেশিরভাগই একেবারে অবাস্তব, যেগুলির সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই। আমি ভেবেছিলাম, আমার অনুভূতি প্রকাশের মাধ্যম হতে পারে আত্মজীবনী। আমার পরিবারের কথা এর মাধ্যমে তুলে ধরা সম্ভব হবে এবং মানুষও আমার গল্প শুনতে আগ্রহী হবে। এদিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেলেও গত মঙ্গলবার থেকেই সোনিয়ার আত্মজীবনী কিনতে পারছেন পাঠকরা।



