‘ইন্ডিয়া’ ফর্মুলা মেডিকেল কলেজেও? ইন্টার্নদের তলব ইস্যুতে একজোট হলেও ভোটে প্রতিদ্বন্দ্বী ২ সংগঠন
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সোহম কর, কলকাতা: গতবছর জুন মাসে কলকাতা মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। ২০টির মধ্যে ১৭টি আসনে জিতেছিল মেডিকেল কলেজ ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এমসিডিএসএ)। ডিএসও ৪টি আসনে লড়াই করে জিতেছিল ১টিতে। বছর দেড়েকের মধ্যে, চোরবাগান ইস্যুতে ডিএসও ও ডিএসএ প্রতিদ্বন্দ্বিতা ভুলে একসঙ্গে রাস্তায় হাঁটল। সঙ্গে ছিল জাতীয় পতাকা। নির্বাচনি সমঝোতা না-থাকলেও নির্দিষ্ট দাবিতে মেডিকেল কলেজ এক হয়ে যায়। ঠিক যেমন ইন্ডিয়া জোটে সকলে দিল্লিতে এক আবার রাজ্যের ক্ষেত্রে অন্য ফর্মুলা?

Advertisement

খাতায়কলমে এমসিডিএসএ স্বাধীন ছাত্র সংগঠন। তাদের নেতৃত্ব বলেন,  ভিন্ন মতাদর্শের লোকজন রয়েছেন এই সংগঠনে। যদিও সেখানে বামপন্থীদের প্রভাবই বেশি। ডিএসও বাম দল এসইউসির ছাত্র সংগঠন। নির্বাচনে নানা ইস্যুতে এমসিডিএসএর বিরুদ্ধে সুর চড়িয়েছিল ডিএসও। প্রতিদ্বন্দ্বিতা করে তারা একটি আসনে জয়লাভও করে। যদিও তার আগে আর জি কর আন্দোলনে সকলকে এক হতে দেখা যায়। কিন্তু নির্বাচন আসতেই ‘একসঙ্গে থাকা’ আর হয় না। 
আবার তারা কীভাবে একসঙ্গে? মেডিকেল কলেজের প্রাক্তনী, চিকিত্সক দেবাশিস হালদার বলছিলেন, ‘কলেজে নির্বাচনের দাবিতেও তৃণমূলের সরকারের সময় আমরা একসঙ্গে লড়াই করেছি। আমার মনে হয়, এটা আর জি কর আন্দোলনেরই ধারাবাহিকতা।’ 
মেডিকেল কলেজের ইন্টার্ন সৌম্যদীপ দে বলছিলেন, ‘ডিএসও বা ডিএসএর বিতর্কও নেই। এটা বিজেপি-আরএসএসের বিরুদ্ধে ছাত্রদের লড়াই। সেই লড়াইয়ে সকলে এক হয়েছে। শুধু তো মেডিকেল কলেজ নয়, যাদবপুর, প্রেসিডেন্সি, এসআরএফটিআই সকলের উপরই আঘাত নেমে এসেছে।’ 
ডিএসও প্রতিনিধি শিবম মণ্ডল বলছিলেন, ‘আমরা ইস্যুতে এক হয়েছি। মেডিকেল কলেজে যারা আক্রমণ করল, তাদের না গ্রেপ্তার করে ইন্টার্নদের কেন তলব করা হবে?’ 
ডিএসও মনে করে, তৃণমূল আমলে মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি করা সহজ ছিল না। তার উপর ডিএসএর সঙ্গেও লড়াই করতে হয়েছিল।
চিকিত্সক অনিকেত মাহাত বলছিলেন, ‘ইন্ডিয়া জোট নির্বাচনি সমঝোতার কথা বলে, আমরা নির্বাচনের জন্য এই লড়াই করছি না। আমরা ইস্যুভিত্তিক লড়াই করছি। মতাদর্শগত, রাজনৈতিক পার্থক্য থাকবেই। সেইসময় কেন সাংবাদিক সম্মেলন করল, কী খারাপ আচরণ করল, থ্রেট কালচার, র‌্যাগিং ইত্যাদি বিষয়ে আমাদের প্রশ্ন থাকবেই। কিন্তু ইন্টার্নদের উপর এই আক্রমণ নেমে আসবে কেন? এই প্রশ্নে আমরা এক।’