ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের এক মহা সম্মেলন হল ভারত সংস্কৃতি যাত্রা। আগামী ২৭ ও ২৮ নভেম্বর সান্ধ্য এবং ২৯ নভেম্বর সারারাত্রি ব্যাপী শাস্ত্রীয় সঙ্গীতের সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা নজরুল মঞ্চে। চলতি বছর এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সম্ভবত সর্ববৃহৎ অনুষ্ঠান। সদ্য এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করলেন সম্মেলনের আয়োজক হিন্দুস্থান আর্ট অ্যান্ড মিউজিক সোসাইটির আহ্বায়ক দীপক সরকার ও সম্পাদক পণ্ডিত প্রসেনজিৎ পোদ্দার। উপস্থিত ছিলেন পণ্ডিত সঞ্জয় মুখোপাধ্যায়, সন্তুর বাদক তরুণ ভট্টাচার্য, কত্থক শিল্পী মধুমিতা রায়, ওড়িশি শিল্পী সঞ্চিতা ভট্টাচার্য সহ একঝাঁক কলাকুশলী। তরুণ ভট্টাচার্য বলেন, ‘আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে আমাদের সাংস্কৃতিক শিকড় রক্ষা করা অত্যন্ত জরুরি। ভারত সংস্কৃতি যাত্রা ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে এক সেতুবন্ধন তৈরি করে, যা তরুণ শিল্পীদের অনুপ্রাণিত করে।’ পণ্ডিত প্রসেনজিৎ পোদ্দার বলেন, ‘আমাদের লক্ষ্য সবসময়ই ভারতীয় সংস্কৃতির সারবত্তাকে উদযাপন করা— যেখানে কিংবদন্তি শিল্পী ও নবীন প্রতিভারা একসঙ্গে অংশগ্রহণ করেন।’ উৎসবের আহ্বায়ক দীপক সরকার বলেন, ‘প্রতি বছর এই উৎসব আরও সমৃদ্ধ হয়ে উঠছে শিল্পী ও দর্শকদের উদ্দীপনায়।’ এই উৎসবে ভারতের বিভিন্ন প্রান্তের প্রখ্যাত ও নবীন শিল্পীরা মিলিত হবেন সুর, তাল ও নৃত্যের ঝংকারে।



