মেলবোর্ন: ভারতের বেঞ্চ স্ট্রেংথে অভিভূত মিচেল স্টার্ক। সম্প্রতি এক সাক্ষাত্কারে অস্ট্রেলিয়ার তারকা পেসার বলেন, ‘আমার মনে হয়, ভারত একমাত্র দেশ, যারা একই দিনে টি-২০, ওডিআই এবং টেস্ট দল নামাতে পারবে। যেমন ধরুন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ ম্যাচ এক সঙ্গে খেলছে (হেসে)।’
ভারতের এমন বেঞ্চ স্ট্রেংথের জন্য পুরোপুরি আইপিএল’কে কৃতিত্ব দিতে রাজী নন স্টার্ক। তাঁর কথায়, ‘বিশ্বে এখন অনেক ফ্র্যাঞ্চাইজি লিগই হয়ে থাকে। তবে সবার সেরা আইপিএল। এই নিয়ে সংশয়ের অবকাশ নেই। কিন্তু শুধুমাত্র আইপিএলের কারণেই ভারতে প্রতিভা উঠে আসছে, এই যুক্তি পুরোপুরি ঠিক নয়। কারণ, ভারতীয়রা শুধুমাত্র আইপিএলেই খেলে। সেখানে আমরা বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজিতেই খেলার সুযোগ পাই।’ উল্লেখ্য, গতবারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্সের সদস্য ছিলেন মিচেল স্টার্ক। তবে এবার মেগা নিলামে ঠিকানা বদলেছেন তিনি। ১১.৭৫ কোটি টাকার বিনিময়ে তাঁকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেননি অজি তারকা। চোট সারিয়ে আসন্ন আইপিএলে ফিরতে পারেন কিনা, সেটাই দেখার।