হাংঝউ: ক্রিকেট হোক বা হকি, পাক বধ নিয়মে পরিণত করেছে ভারত। তবে মহিলাদের জুনিয়র (অনূর্ধ্ব-২০) এশিয়া কাপ হকি যেন সবকিছুই ছাপিয়ে গেল। চীনে আয়োজিত এই প্রতিযোগিতায় ১৯-০ গোলে পাকিস্তানকে বশ মানায় ভারতীয় দল। বিশাল জয়ের পাশাপাশি সেমি-ফাইনালেও পৌঁছে গেল প্রমীলা ব্রিগেড। পাকিস্তানের বিরুদ্ধে ৭ মিনিটেই জাল কাঁপান পুজা সাহু। গোলবর্ষণের সেই শুরু। দুরন্ত হ্যাটট্রিক পূজা মালিকের। এছাড়া রোশনি, মধু, সুপ্রিয়া ও সনিকা দুটি করে গোল করেন। এছাড়া স্কোরশিটে নাম তুলেছেন তনুজা, কৃষ্ণা সহ আরও আটজন। প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে ১০ গোলের ব্যবধান গড়ে ফেলে ভারতীয় দল। বিরতির পরও দুর্ভোগ কমেনি পাকিস্তানের। এর আগে ২০২৩ ও ২০২৪ সালে মহিলাদের জুনিয়র হকির খেতাব জেতে ভারত। এবার হ্যাটট্রিকের সুযোগ তাদের সামনে।



