Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ভারতই ফেভারিট, বলছেন সৌরভ

রনজি ট্রফিতে বাংলার হয়ে দুই ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন মহম্মদ সামি। ফিটনেস ইস্যুতে ঝামা ঘষে দিয়েছিলেন সমালোচকদের মুখে।

ভারতই ফেভারিট, বলছেন সৌরভ
  • ১১ নভেম্বর, ২০২৫ ১৭:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রনজি ট্রফিতে বাংলার হয়ে দুই ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন মহম্মদ সামি। ফিটনেস ইস্যুতে ঝামা ঘষে দিয়েছিলেন সমালোচকদের মুখে। কিন্তু তার পরেও জায়গা মেলেনি টেস্ট স্কোয়াডে, যা নিয়ে কম বিদ্রুপ সহ্য করতে হয়নি নির্বাচক প্রধান অজিত আগরকরকে। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও ব্যাট ধরলেন সামির হয়ে। তিনি বলেন, ‘সামি রনজি ট্রফিতে দুর্দান্ত বল করেছে। ও পুরোপুরি ফিট। আমি জানি না, নির্বাচকদের সঙ্গে সামির কী কথা হয়েছে। তবে ফিটনেস ও পারফরম্যান্সের নিরিখে ওর টেস্ট দলে সুযোগ পাওয়া উচিত ছিল। শুধু তাই নয়, ও সব ফরম্যাটে খেলার জন্য যথেষ্ট উপযুক্ত।’ বোর্ড সূত্রের খবর, ইংল্যান্ড সিরিজে সামিকে খেলার অনুরোধ করেছিলেন নির্বাচকরা। কিন্তু তিনি রাজি হননি। তাই ভারতীয় দলে পাকাপাকিভাবে তাঁর জন্য দরজা বন্ধ হতে চলেছে বলেই মত ওয়াকিবহাল মহলের।

Advertisement

সোমবার শহরে একটি ক্রিকেট প্রযুক্তি সংস্থার সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন সৌরভ। আসন্ন ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের সম্ভাব্য ফল নিয়ে জানতে চাওয়া হয় মহারাজের কাছে। প্রাক্তন অধিনায়ক বলেন, ‘দক্ষিণ আফ্রিকা গতবারের ডব্লুটিসি চ্যাম্পিয়ন। তবুও ঘরের মাঠে ভারতকে হারানো কঠিন। এত শক্তিশালী স্পিন আক্রমণ খুব কম দলেরই রয়েছে। আমার মতে ভারতই ফেভারিট।’ একই সঙ্গে ধ্রুব জুরেলকে তিন নম্বরে খেলানোরও পরামর্শ দেন সৌরভ। তাঁর যুক্তি, ‘ঋষভ ফিরছে। তাই স্পেশালিস্ট ব্যাটার হিসেবে জুরেলকে তিনে নামানো যেতে পারে। কারণ, সাই সুদর্শন তেমন ফর্মে নেই। তবে চূড়ান্ত সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টই নেবে।’ পাশাপাশি বিশ্বকাপ জয়ের জন্য সৌরভ অভিনন্দন জানিয়েছেন ভারতীয় মহিলা দলকে। তাঁর বিশ্বাস, হরমনপ্রীতদের এই সাফল্য দেশের মহিলা ক্রিকেটে নতুন দিগন্ত খুলে দেবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ