Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

হারল ভারতীয় ‘এ’ দল, সিরাজ-কুলদীপদের ফর্ম নিয়ে উদ্বেগ, টেস্ট খেলতে শহরে গিল, বুমরাহরা

শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট। তা নিয়ে সাজ সাজ রব ইডেনে।

হারল ভারতীয় ‘এ’ দল, সিরাজ-কুলদীপদের ফর্ম নিয়ে উদ্বেগ, টেস্ট খেলতে শহরে গিল, বুমরাহরা
  • ১০ নভেম্বর, ২০২৫ ১৩:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট। তা নিয়ে সাজ সাজ রব ইডেনে। রবিবারই কলকাতায় চলে এল প্রোটিয়া দলের একাংশ। পাকিস্তানে ওডিআই সিরিজ খেলে তাঁরা এলেন শহরে। বেঙ্গালুরুতে যাঁরা ভারত ‘এ’ দলের বিরুদ্ধে খেলছিলেন, তাঁরা আসবেন সোমবার। একই সঙ্গে ঋষভ পন্থরাও পা রাখবেন শহরে। তবে ভারতের অনেক ক্রিকেটার রবিবারই চলে এলেন। রাতের দিকে অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে সরাসরি কলকাতা পৌঁছলেন ক্যাপ্টেন শুভমান গিল,  যশপ্রীত বুমরাহ, ওয়াশিংটন সুন্দররা। যা ক্রিকেটীয় উত্তাপ বাড়িয়ে তুলল। গিলদের সঙ্গেই এলেন কোচ গৌতম গম্ভীরও। প্রোটিয়াদের বিরুদ্ধে এই টেস্ট সিরিজ তাঁর কাছেও মস্তবড় চ্যালেঞ্জের। 

Advertisement

তবে বোলিংই চিন্তায় রাখছে টিম ইন্ডিয়াকে। বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে রবিবার দ্বিতীয় বেসরকারি টেস্টে পাঁচ উইকেটে হেরেছে ভারতীয় ‘এ’ দল। তাৎপর্যের হল, দলে ছিলেন মহম্মদ সিরাজ, আকাশদীপ, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা। এঁদের মধ্যে প্রথম তিনজনই রয়েছেন টেস্ট স্কোয়াডে। কিন্তু চতুর্থ ইনিংসে ৪১৭ রানের পুঁজিও আগলাতে ব্যর্থ সিরাজরা। আগের দিন প্রোটিয়াদের স্কোর ছিল বিনা উইকেটে ২৫। ভারতীয় বোলারদের উপর রীতিমতো শাসন করে এদিন বাকি ৩৯২ রান তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। জর্ডন হেরম্যান (৯১), লেসেগো সেনোকোয়ানে (৭৭), তেম্বা বাভুমা (৫৯), জুবায়ের হামজা (৭৭)  ও কোনর এস্টারহুইজেন (৫২ নট আউট) অর্ধশতরান করেন। এই জয়ের সুবাদে দুই ম্যাচের সিরিজ ১-১ ড্র হল। 
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের দ্বিতীয় ইনিংসে মহম্মদ সিরাজ ১৭ ওভার বল করে নেন একটি উইকেট। ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পাওয়ায় ঘণ্টাখানেক বাইরেও থাকতে হয় তাঁকে। পরে অবশ্য ফিরে এসে চার ওভার করেন। কিন্তু সেরা ছন্দে তিনি ছিলেন না। দুই ইনিংস মিলিয়ে সিরাজের সংগ্রহ তিন উইকেট। টেস্ট স্কোয়াডে কামব্যাক করা আকাশদীপের শিকার সংখ্যাও তিন। তুলনায় ভালো বল করেছেন স্কোয়াডের বাইরে থাকা প্রসিদ্ধ। দু’ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট নেন তিনি। চতুর্থ দিনের পিচেও ছন্দহীন দেখায় বাঁ-হাতি স্পিনার কুলদীপকে। ১৭ ওভার হাত ঘুরিয়ে কোনও উইকেট পাননি তিনি। চায়নাম্যান দেন ৮১ রান। প্রথম ইনিংসেও ১১ ওভারে কুলদীপ খরচ করেন ৬৬ রান। দুই ইনিংস মিলিয়ে তিনি নেন মাত্র একটি উইকেট। 
শুধু বোলাররাই নন, দ্বিতীয় বেসরকারি টেস্টে ব্যর্থ ব্যাটাররাও। লোকেশের দু’ইনিংসের মিলিত সংগ্রহ ৪৬। সাই সুদর্শন ও দেবদূত পাদিক্কালের ক্ষেত্রে সেটা যথাক্রমে ৪০ ও ২৯। অভিমন্যু ঈশ্বরণ আবার কোনও ইনিংসেই খাতা খুলতে পারেননি। জুরেলের দু’ইনিংসে সেঞ্চুরিই একমাত্র ইতিবাচক দিক। ইডেনে প্রথম এগারোয় থাকার জন্য তাঁর দাবি জোরাল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ