Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রবিবার

অবিশ্বাস্য উত্থান!

অবিশ্বাস্য উত্থান!
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপ। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের বাজি তিনি। যুবরাজ সিংয়ের হাত ধরে অভিষেক শর্মার নাটকীয় উত্থানের কাহিনি শোনালেন সৌগত গঙ্গোপাধ্যায়

Advertisement

২০২০ সালের এপ্রিল! গোটা বিশ্ব কোভিড লকডাউনে বন্দি। ঘরে বসে এক তরুণ ক্রিকেটার চিন্তা করছিলেন তাঁর ভবিষ্যত্ নিয়ে। কেরিয়ারটা যেন থমকে গিয়েছে! বন্ধু শুভমান গিল ভারতের জাতীয় দলের তারকা। অথচ তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজির প্রথম একাদশেই ঠিকমতো জায়গা পাচ্ছেন না। আত্মবিশ্বাস ভেঙে চুরমার। এমন সব সাত-পাঁচ চিন্তা করতে করতে সেই তরুণ ক্রিকেটার ফোন করলেন তাঁর আইডল যুবরাজ সিংকে। আমতা আমতা গলায় জিজ্ঞাসা করলেন, ‘পাজি, আমি কি আপনার কাছে ক’দিন ট্রেনিং করতে পারি?’ যুবির তত্ক্ষণাৎই জবাব, ‘চণ্ডীগড় চলে এসো।’ সেই মুহূর্ত থেকেই শুরু হয়েছিল এক অসাধারণ রূপান্তরের গল্প। নিজের বাড়ির ডাইনিং টেবিলে বসে যুবরাজ সেই তরুণ ক্রিকেটারকে বলেছিলেন, ‘আমি তোমাকে রাজ্য টিম বা আইপিএলের জন্য তৈরি করব না, আমি তোমায় তৈরি করব জাতীয় দলের জন্য। যাতে তুমি ভারতকে ম্যাচ জেতাতে পার। এবং দু-তিন বছরের মধ্যে ভারতকে ম্যাচ জেতাবেও।’
কাট টু — ৬ জুলাই, ২০২৪! ভারতের জাতীয় টি-২০ দলে অভিষেক হল সেই তরুণ তুর্কির। আর দ্বিতীয় ম্যাচেই বিধ্বংসী শতরান হাঁকিয়ে চমকে দিলেন ক্রিকেটবিশ্বকে। হ্যাঁ, ঠিকই ঠাওর করেছেন। তিনি আর কেউ নন এই মুহূর্তে টি-২০’তে বিশ্বের এক নম্বর ব্যাটার অভিষেক শর্মা। তাঁর উত্থানের গল্প শুধু ক্রিকেটীয় নয়, মানসিক দৃঢ়তা, কঠোর পরিশ্রম ও সঠিক মেন্টরশিপের। 
২০০০ সালের ৪ সেপ্টেম্বর অমৃতসরে জন্ম হয় অভিষেকের। প্রতিভার অভাব কোনওদিনই ছিল না। বাবা রাজকুমার শর্মা একসময় ছিলেন ডোমেস্টিক ক্রিকেটার। কিন্তু জাতীয় দলে খেলার সুযোগ পাননি। রাজকুমারের আশা ছিল, তাঁর অধরা স্বপ্ন পূরণ করবে ছেলে। সেই লক্ষ্যে মাত্র তিন বছর বয়সেই অভিষেকের হাতে প্লাস্টিক বল তুলে দেন তিনি। বাবাই ছিলেন অভিষেকের প্রথম কোচ। প্রতিদিন ভোরবেলায় ৪-৫ ঘণ্টা নেট প্র্যাকটিস। কঠোর শৃঙ্খলার মধ্যে তালিম পেতে থাকে অভিষেক। পাশাপাশি মা মঞ্চু দেবী নিশ্চিত করতেন, যেন পড়াশোনাও ঠিক থাকে। তবে তাঁর ক্রিকেটীয় প্রতিভা দ্রুত ছড়িয়ে প঩ড়ে। ২০১৫-’১৬ সালে বিজয় মার্চেন্ট ট্রফিতে সাত ম্যাচে ১২০০ রান করেছিল এই তরুণ তুর্কি। গড় ১০৯.০৯। সেই অবিশ্বাস্য পারফরম্যান্সের জন্য বিসিসিআই থেকে দু’টি পুরস্কারও পান। পরের বছর অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এশিয়া কাপও জেতান। তবে প্রচারের আলোয় আসেন ২০১৮ সালে নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে। ছোটবেলার বন্ধু শুভমান গিলের সঙ্গে দেশকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন অভিষেক। সেই সুবাদে আইপিএলের দরজাও খোলে। ৫৫ লক্ষ টাকার বিনিময়ে তাঁকে দলে নেয় দিল্লি ডেয়ারডেভিলস। প্রথম ম্যাচেই ১৯ বলে ৪৬ রান হাঁকিয়ে প্রশংসা কুড়িয়ে নেন। পরের বছর তিনি যোগ দেন সানরাইজার্স হায়দরাবাদে। কিন্তু অজানা কোনও কারণে এই পর্বে তাঁর কেরিয়ার থমকে গিয়েছিল। অন্যদিকে, বন্ধু শুভমান গিলের কেরিয়ার তরতরিয়ে এগতে থাকে। তখনই তিনি দ্বারস্থ হন যুবরাজ সিংয়ের।
চণ্ডীগড়ে যুবরাজের বাড়িতে পাঁচ সপ্তাহের ক্যাম্পে অভিষেক, শুভমান, প্রভসিমরন ও আনমোলপ্রীত একসঙ্গে ট্রেনিং করেন। যুবির কোচিং পদ্ধতি ছিল অনন্য। কিংবদন্তির কথায়, ‘আমার বাবা যোগরাজ সিং ছিলেন খুবই কঠোর প্রকৃতির। আমি তেমন নই। আমি মেন্টরিংয়ে বিশ্বাস করি। একজন তরুণের মাথায় কী চলছে সেটা বোঝা সবচেয়ে বেশি জরুরি। তাদের মতো করে ভাবতে হবে।’ যুবির কোচিং প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিষেক বলছিলেন, ‘যুবি পাজি আমাদের সঙ্গে খুব মজা করে কোচিং করতেন। মনে হতো নিজের বড়ো দাদার কাছে শিখছি। আমাদের ব্যাটিংয়ের ভিডিও দেখিয়েও কোথায় ভুল হচ্ছে ধরিয়ে দেওয়া, ভিডিও’র স্ক্রিনশট তুলে আগে ও পরের তুলনা — খুবই ডিটেইলিংয়ে কোচিং করতেন। আমরা ৫ ঘণ্টারও বেশি সময় ধরে প্র্যাকটিস করতাম। অতটা সময় তিনিও আমাদের সঙ্গে থাকতেন।’ শুধু মাঠে নয়, প্র্যাকটিসের বাইরেও যুবরাজ তাঁদের গাইড করতেন। যোগরাজ সিং এক ইন্টারভিউতে বলছিলেন, ‘অভিষেক একদিন বন্ধুদের সঙ্গে পার্টি করতে গিয়েছিল। তাঁর বাবা ফোন করে যুবিকে বিষয়টি জানান। যুবি তত্ক্ষণাত্ কল করে অভিষেককে শাসন করে এবং বলে আধঘণ্টার মধ্যে ঘরে না ঢুকলে তোমার ব্যবস্থা করছি। অভিষেক ১৫-২০ মিনিটের মধ্যেই বাড়ি ফিরে আসে। ওকে ছেলেরা ভয়ও করে খুব।’ আসলে গুরুরা তো এমনই হয়। কখনও বন্ধুর মতো তো আবার কখনও কঠোর! লকডাউনে লাঞ্চের টেবিলে যুবরাজ সিং ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘আগামী দু’-তিন বছরের মধ্যে তুমি ভারতকে ম্যাচ জেতাবে।’ আজ তা আক্ষরিক অর্থেই সত্যি হয়েছে। লকডাউনের সেই দিনগুলিতে যখন গোটা বিশ্ব থমকে গিয়েছিল, তখন অভিষেকের মধ্যে নতুনভাবে আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছিলেন যুবরাজ। তিনি শিখিয়েছিলেন, ব্যর্থতা শেষ নয়, বরং নতুন শুরুর সুযোগ।
জাতীয় দলে সুযোগের আগে অভিষেক আইপিএলে নজর কেড়েছিলেন। ২০২২ সালে ১৪ ম্যাচে ৪২৬ রান করে তাক লাগিয়ে দেন তরুণ তুর্কি। আসল বিস্ফোরণ ঘটে ২০২৪ সালে। ট্রাভিস হেডের সঙ্গে তাঁর ওপেনিং জুটি তো বিপক্ষের কাছে ত্রাস হয়ে উঠেছিল। সেবার ২০০ স্ট্রাইক রেটে ১৬ ম্যাচে তাঁর সংগ্রহ ছিল ৪৮৪। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৪২টি ছক্কা হাঁকান তিনি। তাঁর দল সানরাইজার্স ফাইনালেও খেলে। ২০২৫ সালে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫৫ বলে ১৪১ রানের ইনিংস কখনও ভোলার নয়। এক ইনিংসে ১০টি ছক্কার পাশাপাশি ৪০ বলে সেঞ্চুরি। ২০২৬ মেগা নিলামে তাঁকে ১৪ কোটি টাকায় রিটেইন করে সানরাইজার্স হায়দরাবাদ। 
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক আরও ভয়ঙ্কর। প্রথম বল থেকেই তাঁর ছক্কা হাঁকানোর দক্ষতায় রীতিমতো সন্ত্রস্ত প্রতিপক্ষ। ভারতের জার্সিতে দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে বুঝিয়ে দেন, তিনি লম্বা রেসের ঘোড়া। ২০২৫ এশিয়া কাপে সাত ম্যাচে ৩১৪ রান করে সিরিজের সেরা অভিষেক। এবং টি-২০ ইতিহাসের সর্বাধিক ৯৩১ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানও দখল করেন তিনি। তাঁর ব্যাটিংয়ে যুবরাজের ছোঁয়া আছে। দু’জনের খেলার ধরনও অনেকটা এক। আর সম্প্রতি গুরুর ১২ বলে অর্ধশতরানের রেকর্ড ভাঙার কাছাকাছি চলে গিয়েছিলেন। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৪ বলে অর্ধশতরান হাঁকান পাঞ্জাব কা পুত্তর। এই ইনিংসের পর যুবি মজা করে টুইটও করেন, ‘আমার রেকর্ড কিন্তু ভাঙতে পারলে না।’ আসন্ন বিশ্বকাপেও ভারতের ব্যাটিংয়ের স্তম্ভ অমৃতসরের এই তরুণতুর্কি।
অভিষেকের উত্থানে গর্বিত যুবরাজও। সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘অভিষেকের সঙ্গে কাজ করে আমি শিখেছি, কীভাবে কোচ হতে হয়। বিশ্ব এখন বিধ্বংসী অভিষেক শর্মাকে দেখছে। এর পিছনে অভিষেক গত ৪-৫ বছর ধরে কঠোর পরিশ্রম করেছে।’ অভিষেকও স্বীকার করেন, যুবি শুধু ক্রিকেট শেখাননি। শিখিয়েছেন কীভাবে চাপ সামলাতে হয়, খ্যাতির সঙ্গে মানিয়ে নিতে হয়। যুবরাজ-অভিষেকের সম্পর্ক শুধু কোচ-ক্রিকেটারের নয়, আদর্শ মেন্টরশিপের উদাহরণ। যেখানে একজন খ্যাতনামা প্রাক্তন ক্রিকেটার তাঁর নিজের অভিজ্ঞতা, ব্যর্থতা ও সাফল্যের শিক্ষা পরবর্তী প্রজন্মকে দিচ্ছেন। এই গল্প প্রমাণ করে যে প্রতিভাই শেষ কথা নয় — প্রয়োজন সঠিক গাইডেন্স, অদম্য মানসিক শক্তি ও আত্মবিশ্বাসের। যিনি ভাবছিলেন তাঁর কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে, সেই অভিষেক শর্মাই আজ হয়ে উঠেছেন তারকা!

Advertisement
সম্পর্কিত সংবাদ