বাড়ছে শৌচালয়, কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের সংখ্যা, পরিচ্ছন্নতায় বাড়তি জোর
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আসন্ন গঙ্গাসাগর মেলায় পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বাড়তি গুরুত্ব দিচ্ছে বিজেপি সরকার। মেলা প্রাঙ্গণ থেকে তার আশপাশ এলাকা যাতে খুব বেশি নোংরা না হয়, সেদিকে এবার বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে।

Advertisement

জানা গিয়েছে, শৌচালয় থেকে ডাস্টবিনের সংখ্যা বৃদ্ধি, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটের সংখ্যা বাড়ানো সহ একাধিক উদ্যোগ এবার নিতে চলেছে সরকার। আগের সরকারের সময়ের যাবতীয় ব্যবস্থাপনাকে ছাপিয়ে যেতে মরিয়া বিজেপি সরকার। সে কারণেই মেলার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত থেকে আনুষঙ্গিক অন্যান্য পরিষেবার উন্নতি ঘটানোই প্রধান লক্ষ্য রাজ্যের। তার মধ্যে অন্যতম হল পরিচ্ছন্নতা। যেহেতু এই মেলাকে জাতীয় মেলার মতো করতে চাইছে সরকার, তাই সেদিকে কোনো রকমের খামতি রাখতে চাইছে না তারা। মেলা প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রথম ধাপে পুণ্যার্থীদের জন্য পর্যাপ্ত শৌচালয়ের ব্যবস্থা করা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে খবর, ২০২৬ সালে ১১,২০০টি শৌচালয় করা হয়েছিল। এবার সেই সংখ্যা বেড়ে ১৬,৮০০ করা হচ্ছে। সাতটি অস্থায়ী কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র থেকে এবার ১১ করছে জেলা প্রশাসন। এলাকা সাফসুতরো রাখার জন্য প্রায় ৬০০০ ঝাড়ুদার রাখার পরিকল্পনা নিয়েছে তাঁরা। আগেরবার এই সংখ্যা ছিল ৪০০০ এর মত। আড়াই হাজারের বেশি বড়ো ডাস্টবিন রাখার কথা ঠিক হয়েছে। এটি আগেরবার ১৭০০-র মত ছিল।
এদিকে, অগ্নিনির্বাপক ব্যবস্থার উপরও বিশেষ নজর দেওয়া হয়েছে। আগেরবার মেলা শুরুর আগেই বড় আগুন লেগেছিল মেলার হোগলা ছাউনিতে। তাই যেহেতু এবার মেলার পরিধি বাড়ছে তাই অস্থায়ী দমকল কেন্দ্র, ইঞ্জিন, বাইক, লোকবল– সবই বাড়ানো হবে। জানা গিয়েছে, মেলার জন্য ১৮টি দমকল কেন্দ্র, ১০০টি বাইক, যা সরু গলি দিয়েও পৌঁছে যেতে পারবে অকুস্থলে এবং ৩০টি দমকলের ইঞ্জিন রাখা হবে। পাশাপাশি অফিসার ও কর্মী মিলিয়ে ৬০৫ জন নিযুক্ত থাকবেন মেলার দিনগুলিতে।  ছবি: পিন্টু মণ্ডল