৪ বছরে শহরে সিগন্যাল ভাঙার প্রবণতা ৪৭ শতাংশ বৃদ্ধি, তালিকায় এগিয়ে বাইক-স্কুটার, ক্লিক করলেই অ্যাকাউন্ট ফাঁকা, সল্টলেকে লিখিত অভিযোগ দায়ের
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিন বছরে শহরে যানবাহনের সংখ্যা বেড়েছে ৬ লক্ষ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সিগন্যাল অমান্য করার প্রবণতা। সিগন্যাল লাল দেখেও অনেকে তা এড়িয়ে যাচ্ছেন। যার প্রমাণ মিলেছে কলকাতা পুলিশের সর্বশেষ পরিসংখ্যান রিপোর্টে। তাতে বলা হয়েছে, প্রতি বছর সিগন্যাল ভাঙার প্রবণতা বাড়ছে। শেষ চার বছরের রিপোর্ট খতিয়ে দেখা গিয়েছে প্রায় ৪৭ শতাংশ বেড়ে গিয়েছে সিগন্যাল অমান্য করার ঘটনা। তার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে পুলিশি নজরদারিও। ট্রাফিক সিগন্যাল ভাঙার ঘটনা ঘটলেই জরিমানার কবলে পড়ছেন অসচেতন চালকরা। 

Advertisement

২০২২ সালের রিপোর্ট বলছে, ওই বছরে শহরে সিগন্যাল অমান্যের ‘অপরাধ’-এ মোট ৩ লক্ষ ৪ হাজার ৭৭৭টি মামলা রুজু করেছিল কলকাতা পুলিশ। চার বছর পর সেই সংখ্যা অনেকটাই বেড়েছে। সর্বশেষ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সিগন্যাল ভেঙে গাড়ি চালানোর জন্য মোট ৫ লক্ষ ৭৬ হাজার ২৯৭টি মামলা রুজু করা হয়েছে। কলকাতা পুলিশের দাবি, প্রতি বছরই এই সংখ্যা বাড়ছে। তার একটা বড়ো কারণ যানবাহনের সংখ্যা বৃদ্ধি। একইসঙ্গে, পুলিশি নজরদারির জন্য কেসের সংখ্যাও বেড়েছে। কিন্তু, পুলিশি নজরদারিতে শহরে বেপরোয়া গতিতে রাশ টানার প্রবণতা দেখা গেলেও সিগন্যাল অমান্য করার ঘটনা কমেনি। লালবাজার জানিয়েছে, গভীর রাত থেকে ভোর পর্যন্ত পুলিশি নজরদারি কিছুটা কম থাকে। সেই সুযোগে অনেক রাস্তায় সিগন্যাল ভাঙার প্রবণতা বেশি দেখা যায়। গভীর রাতে জয়রাইডে বের হয় বাইক বাহিনী। যদিও তাদের ধরপাকড়ের জন্য শহরের বিভিন্ন রাস্তা ও ট্রাফিক সিগন্যালে বিশেষ প্রযুক্তির ক্যামেরা লাগানো থাকে বলে পুলিশ সূত্রে খবর। সেই ক্যামেরা মারফত সিগন্যাল অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানার মেসেজ চলে যায় স্বয়ংক্রিয় পদ্ধতিতে। পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, ক্যামেরার মাধ্যমে গত এক বছরে ১ লক্ষ ২১ হাজার ৯৯৪টি মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে প্রায় ৬৩ শতাংশ মামলা হয়েছে রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে। অভিযুক্তদের মধ্যে দ্বিচক্র যানের সংখ্যা সবচেয়ে বেশি। ক্যামেরার ফুটেজ দেখে রুজু হওয়া মামলার ৩৬ শতাংশই হল জয়রাইডে বেরনো বাইক ও স্কুটারের বিরুদ্ধে। এছাড়াও একই দোষে অভিযুক্ত ব্যক্তিগত গাড়ির চালকরাও। ক্যামেরার ছবি দেখে যা মামলা হয়েছে, তার মধ্যে ২৮ শতাংশ ব্যক্তিগত গাড়ির বিরুদ্ধে। সিগন্যাল অমান্যের জেরে পুলিশের খাতায় নাম উঠেছে তাঁদের। 
লালবাজারের ট্রাফিক বিভাগের দাবি, শুধু রাত নয়, দিনেও শহরের বহু এলাকায় সিগন্যাল ভেঙে তাড়াহুড়ো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে অনেকে। অসচেতন সেই সব চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে। এই ক্ষেত্রে প্রথমবার আইন ভাঙার অভিযোগে ৫০০ টাকা জরিমানা করা হচ্ছে। দ্বিতীয়বারের পর থেকে জরিমানার পরিমাণ বেড়ে হবে ১৫০০ টাকা।