নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শুধু প্রযুক্তি শিক্ষাই নয়, পরিবেশ সচেতনতার পাঠও এবার মিলবে প্রকৃতির সান্নিধ্যে। সেই লক্ষ্যেই শিবপুরের আইআইইএসটি ক্যাম্পাসে নিম ঝিলকে ঘিরে গড়ে উঠল অত্যাধুনিক নেচার স্টাডি পার্ক। শুক্রবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই আনুষ্ঠানিকভাবে এই পার্কের উদ্বোধন করেন। আইআইইএসটি এবং একটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে তৈরি এই প্রকল্পে কর্পোরেট এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটি (সিইআর) তহবিল থেকে এক কোটিরও বেশি টাকা ব্যয় করা হয়েছে।
প্রায় ১৯ হাজার বর্গফুট এলাকা জুড়ে গড়ে ওঠা এই পার্কে রোপণ করা হয়েছে প্রায় চার হাজার গাছ। ঘূর্ণিঝড় উম-পুনে নিম ঝিলের আশপাশের বিপুল সংখ্যক গাছ নষ্ট হয়ে যাওয়ার পর থেকেই ওই এলাকা নতুন করে সবুজে সাজানোর পরিকল্পনা নিয়েছিল আইআইইএসটি। দীর্ঘ প্রস্তুতির পর সেই ভাবনাই বাস্তব রূপ পেল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, প্রকৌশল শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীরা যাতে প্রকৃতির আরও কাছাকাছি থাকতে পারেন এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করতে পারেন, সেই উদ্দেশ্যেই এই নেচার স্টাডি পার্ক গড়ে তোলা হয়েছে। পার্কে ঝিলের চারপাশে স্টোন ব্লকের হাঁটার পথ, বসার বেঞ্চ, লাইটিং ফাউন্টেন, বাটারফ্লাই গার্ডেন, ওপেন এয়ার জিমনেসিয়াম, মেডিটেশন সেন্টার এবং একটি অ্যাম্ফিথিয়েটার তৈরি করা হয়েছে। উদ্বোধনের পর উমেশ রাই বলেন, ‘সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে ইডেন রিয়েলিটি গ্রুপের মতো সংস্থার এই উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতে তারা রাজ্য সরকারের পাশে থেকে পরিবেশ রক্ষায় এ ধরনের কাজ চালিয়ে যাবে।’ এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইইএসটির ডিরেক্টর ভিএমএসআর মূর্তি, বোর্ড অব গভর্নর্সের চেয়ারপার্সন তেজস্বিনী অনন্তকুমার, বি গার্ডেনের অতিরিক্ত অধিকর্তা মানস ভৌমিক সহ বিশিষ্টরা। -নিজস্ব চিত্র