Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হলদিয়ায় বিএমএসের নবনির্মিত ভবনের উদ্বোধন, শ্রমিকদের কল্যাণে মহাযজ্ঞ

হলদিয়ায় বিএমএসের নবনির্মিত ভবনের উদ্বোধন, শ্রমিকদের কল্যাণে মহাযজ্ঞ
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শ্যামল সেন, হলদিয়া: ৫১কেজি খাঁটি গাওয়া ঘি এবং ১০মণ বেল ও আমকাঠ পুড়িয়ে হলদিয়ায় শ্রমিক কল্যাণে মহাযজ্ঞ করল ভারতীয় মজদুর সঙ্ঘ(বিএমএস)। হলদিয়ায় বিএমএসের নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষ্যে এই মহাযজ্ঞের আয়োজন করা হয়। বিএমএসের নবনির্মিত ভবনের নামকরণ করা হয়েছে ‘প্রত্যাশা’। বিএমএসের হলদিয়া-কলকাতা পোর্ট অ্যান্ড ডক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে তৈরি হয়েছে এই নতুন শ্রমিক ভবন। নতুন শ্রমিক ভবনের উদ্বোধন উপলক্ষ্যে দু’দিন ধরে দিনভর হোম, কীর্তন, শ্রমিক সমাবেশ, কয়েক হাজার মানুষকে প্রসাদ বিলি সহ এলাহি আয়োজন করেছে বিএমএস। 

Advertisement

দুধসাদা রঙের দোতলা এই শ্রমিক ভবনের নীচতলায় রয়েছে বিশাল কনফারেন্স হল। সেখানে তিন শতাধিক মানুষ একসঙ্গে চেয়ারে বসে মিটিং করতে পারবে। সামনে রয়েছে বড় মঞ্চ। মিটিংয়ের পাশাপাশি যে কোনও অনুষ্ঠানও ওই হলঘরে হতে পারে। দোতলায় রয়েছে ইন্টারনেট যুক্ত এসি কনফারেন্স রুম এবং চারটি গেস্ট রুম। প্রায় ৪০ ফুট দৈর্ঘ্যের একটি বড় আধুনিক রান্নাঘর রয়েছে। বিএমএসের নতুন ভবনের সামনে ‘ভারতমাতা’র বিশাল ম্যুরাল বসানো হয়েছে। 
এই নতুন ভবন তৈরি হয়েছে টাউনশিপে হেলিপ্যাড ময়দানের ঠিক উল্টোদিকে। বন্দর কর্তৃপক্ষের লিজ দেওয়া জমিতে গড়ে উঠেছে বিএমএসের বন্দর শ্রমিক ইউনিয়নের নয়া অফিস। বিএমএসের নতুন ভবনের উদ্বোধন উপলক্ষ্যে সোম ও মঙ্গলবার দু’দিন ধরে অনুষ্ঠান হচ্ছে। বিএমএসের পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি শুভম বেরা এবং সম্পাদক চন্দন প্রামাণিক বলেন, শ্রমিকদের কল্যাণে সোমবার যজ্ঞ করে ভারতমাতার আরাধনা করা হয়েছে। যজ্ঞের আগে এদিন বেলা ১১টা নাগাদ শ্রমিকদের হাতেই ভবনের দেওয়ালে ভারতমাতার মূর্তির উন্মোচন করা হয়েছে। ওই মূর্তি রাজস্থানী মার্বেল পাথরে তৈরি। ২৪ ফুট বাই ২০ ফুটের বিশাল মূর্তি দেওয়ালে বসানো হয়েছে খোদাই করে। বিকেলে শ্রমিকদের প্রসাদ বিলি করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ভক্তিগীতি ও কীর্তন পরিবেশন করেন মায়াপুরের নামী শিল্পীরা। আজ, মঙ্গলবার নতুন ভবন ‘প্রত্যাশা’র উদ্বোধন করবেন সর্বভারতীয় মজদুর সঙ্ঘের সাধারণ সম্পাদক রবীন্দ্র হিমতে। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ভারতীয় মজদুর সঙ্ঘের ডেপুটি সাংগঠনিক সচিব গণেশ মিশ্র, সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রমুখ। 
অনুষ্ঠানের আয়োজক বিএমএসের হলদিয়া-কলকাতা পোর্ট অ্যান্ড ডক শ্রমিক ইউনিয়নের সভাপতি কানাইলাল মাণ্ডি এবং সম্পাদক মানস নায়েক বলেন, উদ্বোধন উপলক্ষ্যে বেনারস থেকে সানাই বাদকদের আনা হয়েছে। সানাইয়ের সুরে নতুন ভবনের উদ্বোধন হবে। এজন্য চারটি মঞ্চ তৈরি হয়েছে। হলদিয়ার শ্রমিকরা ছাড়াও জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিএমএসের কর্মী সমর্থকরা আসবেন। ওইদিন দুপুরে পাঁচ হাজার মানুষকে ভারতমাতার পুজোর নিরামিষ ভোগপ্রসাদ বিলি করা হবে। উদ্বোধন অনুষ্ঠানের মূল হোতা এবং বিএমএসের রাজ্য সভাপতি প্রদীপ বিজলি বলেন, নতুন ভবন গড়ে ওঠায় এবার হলদিয়ায় বিএমএসের শ্রমিক সংগঠনকে আরও শক্তিশালী করার উপর জোর দিতে পারব। ইতিমধ্যেই হলদিয়ার ২৪টি কারখানায় বিএমএসের ইউনিয়ন তৈরি হয়েছে। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের শ্রমদপ্তর হলদিয়ায় বিএমএসের নতুন ইউনিয়নগুলির রেজিস্ট্রেশন দিচ্ছে না। তিনি বলেন, এজন্য বিএমএস শ্রমদপ্তরে ডেপুটেশন দেবে। পাশাপাশি হলদিয়ায় ইএসআই হাসপাতাল দ্রুত চালু করা এবং বন্দরে ড্রেজিং ভর্তুকি চালু করার দাবিতে সরব হচ্ছে। এজন্য কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে হলদিয়ার বিএমএস প্রতিনিধিরা শীঘ্রই দেখা করবেন।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ