Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শক্তঘাঁটি নওদায় বেসুরে বাজছেন বহু যুদ্ধের সেনাপতি সফিউজ্জামান

তৃণমূলের শক্ত ঘাঁটি নওদা। একদা কংগ্রেসের মজবুত সংগঠনে ক্ষয় ধরিয়ে তৃণমূল লাগাতার এখানে ভোটব্যাঙ্ক বাড়িয়েছে। গত বিধানসভা নির্বাচনে ব্যাপক মার্জিনে জিতেছিল তৃণমূল।

শক্তঘাঁটি নওদায় বেসুরে বাজছেন বহু যুদ্ধের সেনাপতি সফিউজ্জামান
  • ৩০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: তৃণমূলের শক্ত ঘাঁটি নওদা। একদা কংগ্রেসের মজবুত সংগঠনে ক্ষয় ধরিয়ে তৃণমূল লাগাতার এখানে ভোটব্যাঙ্ক বাড়িয়েছে। গত বিধানসভা নির্বাচনে ব্যাপক মার্জিনে জিতেছিল তৃণমূল। তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজ খানের জয়ের ব্যবধান ছিল ৭৪ হাজারের বেশি। তৃণমূল পেয়েছিল ১ লক্ষ ১৭ হাজার ৬৮৪টি ভোট। অর্থাৎ মোট ভোটের প্রায় ৫৮.৫ শতাংশ পেয়েছিলেন তৃণমূলের এই মহিলা প্রার্থী। অপরদিকে বিজেপি এই আসনে দ্বিতীয় স্থানে উঠে আসে। বিজেপি প্রার্থী অনুপম মণ্ডল পান ৪৩ হাজার ৫৩১ ভোট। কংগ্রেসের হয়ে মোশারফ হোসেন লড়াই করে পেয়েছিলেন ৩১ হাজার ৫৮৮ ভোট। কিন্তু গত লোকসভা নির্বাচনে এই বিধানসভায় মার্জিন অনেকটাই কমে তৃণমূলের। বহরমপুর লোকসভার মধ্যে পড়ে নওদা বিধানসভা। এখানে গত নির্বাচনে তৃণমূলের ইউসুফ পাঠান অধীর চৌধুরীর তুলনায় ১৯ হাজার ৯১৬ ভোট বেশি পেয়েছিলেন। এবারও বিদায়ী বিধায়ক শাহিনা মমতাজ খানকে এখানে টিকিট দিয়েছে তৃণমূল। তবে দলের প্রার্থীকে জেতানোর চাবকাঠি তৃণমূলের ব্লক সভাপতি সফিউজ্জামান শেটের হাতে। তিনি মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খানের ভাগ্নে। পেশায় শিক্ষক সফিউজ্জামান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষও। গত বিধানসভা নির্বাচন থেকে পঞ্চায়েত, এমনকি গত লোকসভা নির্বাচনেও দাপটের সঙ্গে ভোট করে বড় মার্জিনে জয় এনে দিয়েছেন তাঁর দলকে। এহেন সফিউজ্জমানের সঙ্গে গত কয়েক বছর ধরে বিধায়কের বেশ দূরত্ব তৈরি হয়েছে। দলের ব্লক সভাপতি এখনও প্রার্থীর হয়ে প্রচারে নামেননি। তাঁর ভূমিকা এই নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে। কয়েক মাস আগে কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করে একদা তৃণমূলের জেলা পরিষদ সভাধিপতি মোশারফ হোসেন ওরফে মধু। ফলে কংগ্রেস আরও কিছুটা শক্তি হারিয়েছে। তিনি অবশ্য বিদায়ী বিধায়কের হয়ে প্রচার শুরু করেছেন। 

Advertisement

শাহিনা বলেন, নির্বাচনে মানুষ ভোট দেবেন পরিষেবা দেখে। উন্নয়ন ও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছে মানুষ। সেই নিরিখে আমরা এগিয়ে আছি। এবারও আমি ভালো মার্জিনে জিতব। বিজেপির রাজ্য কমিটির সদস্য শাখারভ সরকার বলেন, এখানে আমাদের সংগঠন অনেকটাই মজবুত হয়েছে। গত বিধানসভা নির্বাচনে আমরা দ্বিতীয় স্থানে ছিলাম। এবার প্রথম হওয়ার লড়াই। আমাদের প্রার্থী রানা মণ্ডলকে মানুষ চাইছে। সকলেই চায় এই রাজ্যেও ডবল ইঞ্জিন সরকারের প্রতিষ্ঠা হোক। তাই নরেন্দ্র মোদির প্রার্থীকে তারা বেছে নেবেন বলে আমরা বিশ্বাসী। কংগ্রেস এখনও প্রার্থী ঘোষণা করেনি। তবে নওদায় কংগ্রেসও লড়াই দিতে প্রস্তুত। প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি মাহফুজ আলম ডালিম বলেন, মুর্শিদাবাদ জেলায় এবার বেশ কয়েকটি আসনে আমরা খুব ভালো ফলাফল করব। তার মধ্যে নওদা অন্যতম। প্রার্থী পদেও থাকবে চমক। ওখানকার তৃণমূল বিধায়ককে তো মানুষ কাছে পায়নি। পাঁচ বছর ওই এলাকার সেভাবে কোনো উন্নয়ন করতে দেখা যায়নি। 
তৃণমূলের ব্লক সভাপতি সফিউজ্জামান এদিন সামাজিক মাধ্যমে জানিয়েছেন, যখন সভা করা হয় সব কর্মীদের আহ্বান করা হয়। যখন কাউকে টিকিট দেওয়া হয়, তখন কর্মীদের আবেগ ও মতামতকে একটুও গুরুত্ব দেওয়া হয় না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ