বরানগর কাণ্ডে নির্যাতন স্পষ্ট, মুখে ঘুসি-আঘাত গোপনাঙ্গেও, ৪ জনের খোঁজে তল্লাশি, ময়নাতদন্ত রিপোর্টে বাড়ছে রহস্য
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: মুখে ঘুসি, মাথার পিছনে আঘাত, ক্ষতচিহ্ন পিঠেও। এমনকি, আঘাত গোপনাঙ্গেও! ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট হয়ে যাচ্ছে, খুনের আগে নৃশংস অত্যাচার করা হয়েছিল অঞ্জলি সাউকে। তারপর শ্বাসরোধ। পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত, তাতেই মৃত্যু হয় যুবতীর। যদিও খুনের সঙ্গে অঞ্জলিকে ধর্ষণও করা হয়েছিল কি না, তদন্তকারী অফিসাররা তা খোলসা করছেন না। অর্থাৎ, সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পরিবারকে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের ব্যাপারে নিশ্চিত করা হলেই সেই সংক্রান্ত ধারা যুক্ত করা হবে। আর সবচেয়ে বড়ো কথা, যে মাত্রায় তাঁর উপর নির্যাতন করা হয়েছে, তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে খুনির বিকৃত মানসিকতা। 

Advertisement

সম্পর্কের টানাপোড়েন? অনলাইন গেমিংয়ের পার্টনার? নাকি পারিবারিক শত্রুতা? বরানগর কাণ্ডে পরতে পরতে রহস্য। আর তা বাড়ছে। ঘটনার ৪৮ ঘণ্টা পরও অধরা রয়ে গিয়েছে অভিযুক্ত। যদিও পুলিশ সূত্রে খবর, চারজনকে এ পর্যন্ত চিহ্নিত করা হয়েছে। তাদের খোঁজে তল্লাশিও চলছে জোরকদমে। যেহেতু নিহত অঞ্জলির ‘উধাও’ হওয়া ফোনটির লোকেশন পাওয়া যাচ্ছে বিহারে, সেখানেও চলে গিয়েছে পুলিশের টিম। অদ্ভুত বিষয় হল, প্রতিবেশী ওই রাজ্যেও বারবার বদলে যাচ্ছে লোকেশন। তবে, তদন্তকারী আধিকারিকরা আত্মবিশ্বাসী, দ্রুত এর শিকড় পর্যন্ত পৌঁছে যাবেন তাঁরা। এই ঘটনায় অঞ্জলির জামাইবাবুকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আততায়ী যে যুবতীর পরিচিত, তা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে পুলিশ। না হলে ১৭ নম্বর ওয়ার্ডের শীতলামাতা লেনে দিদির ওই খালি ফ্ল্যাটে সে বা তাদের জন্য দরজা খুলে দিত না অঞ্জলি। তারা জানতে চাইছে, এই আলাপ ঠিক কোন সূত্রে। রহস্য আরও বাড়িয়েছে অঞ্জলির নম্বর থেকে লাগাতার আসতে থাকা মেসেজ। প্রথমে মামার ছেলের ফোনে। তারপর বাবার। প্রথমে ‘হাই’... ‘হ্যালো’ লেখা মেসেজ। তারপর আবার মায়ের নম্বরে ফোন আসে। ১৩ সেকেন্ড ধরে চলেছে সেই কল। কিন্তু একটি শব্দও ওপার থেকে আসেনি। মা কাঁদতে কাঁদতে বলেছেন, ‘কে তুমি? কেন মেয়েকে এভাবে অত্যাচার করে খুন করলে? মেয়ের কী অপরাধ ছিল?’ কিন্তু কোনো উত্তর না দিয়েই ফোন কেটে দেওয়া হয়। পুলিশের ধারণা, প্রকৃত আততায়ীর থেকে নজর ঘোরাতেও বিহারে বারবার লোকেশন বদল ও মেসেজ করা হতে পারে। তবে তাতেও খুব একটা কাজ দেবে না বলে দাবি তদন্তকারীদের। ফরেনসিক বিশেষজ্ঞরা বৃহস্পতিবারই ফ্ল্যাট থেকে নমুনা সংগ্রহ করেছেন। 
এদিনই দুপুরে অঞ্জলির বাবা, বর্ষীয়ান বিজেপি নেতা রাজেন্দ্রপ্রসাদ সাউ ও তাঁর ছেলে সন্দীপকুমার সাউ বরানগর থানায় যান। সেখানে মেয়ের অনলাইন গেমিংয়ে আসক্তির কথাও উল্লেখ করেন। জানান, ওই খেলার সূত্রেই ‘পার্টনার’দের সঙ্গে কথা হত অঞ্জলির। তদন্তকারীদের অনুমান, ফুটেজ দেখে যে চারজনকে সন্দেহ করা হচ্ছে, তাদের মধ্যে কেউ এই ‘পার্টনার’। হতে পারে সেই খুন করেছে। কিন্তু উদ্দেশ্য কী? সন্দীপবাবু বলেন, ‘কিছুই বুঝতে পারছি না! মৃতদেহ দেখে আমাদের ধারণা, নৃশংস অত্যাচার, ধর্ষণ করে খুন করা হয়েছে বোনকে।’ সেটাই যদি হয়ে থাকে, পরবর্তী পদক্ষেপ কী? এনকাউন্টার?