বেতের ঝুড়ি অতীত, শীতের কামড় থেকে বাঁচতে কাশ্মীরে এবার ভরসা কাঠের কাংড়ি
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফিরদৌস হাসান, শ্রীনগর: শীত ঠেকাতে আর বেতের কাংড়ি নয়। এবার একেবারে কারুকাজ করা কাঠের তৈরি ঝুড়িতেই জ্বলবে কাঠকয়লা। কাশ্মীরের ঐতিহ্যবাহী বেতের কাংড়ি এখন রূপ বদলে কাঠের ঝুড়ি। প্রত্যেক কাশ্মীরির জন্যই প্রবল শীতে কাংড়ি নিত্যসঙ্গী। আলখাল্লার নীচে শরীরকে গরম রাখতে এই কাংড়িতেই এতদিন কাঠকয়লা জ্বেলে ঘুরতেন কাশ্মীরি স্ত্রী-পুরুষ, প্রবীণ থেকে শিশুরাও। এবারের শীতের আগে তাঁদের জন্যই নয়া সংস্করণ। 

Advertisement

প্রায় বছর খানেক ধরে নানা চিন্তাভাবনা করে অবশেষে নয়া এই উদ্ভাবন ঘটিয়েছেন জাহিদ শওকত দার। বেতের বদলে কীভাবে এই কাশ্মীরি ঐতিহ্যকে আরও টেকসই করা যায়, সেটাই ছিল দারের লক্ষ্য। অবশেষে উইলো গাছের ঝুড়ির বদলে কাঠের কেসিংকেই বেছে নেন দার। তিনি জানান, বেতের ঝুড়ি কয়েক বছর টেকে। কাজেই দু’তিন বছর পরপরই তা বদলাতে হতো। এবার কাঠের তৈরি এই কেসিং অনেক বেশি টেকসই হবে। ঠিকভাবে ব্যবহার করতে পারলে হয়তো সারাজীবনই টিকে যেতে পারে। তবে এটা ভারী হবে না তো? দার জানান, বেতের ঝুড়ির থেকে একটু ভারী হলেও খুব বেশি নয়। আগে যেমন নানা কাজের সময়েই বেতের কাংড়ি নিয়ে যাতায়াত করা যেত, এখন কাঠের ঝুড়ি নিয়েও যাতায়াত করা যায়। 
সোশ্যাল মিডিয়ায় নয়া এই কাংড়ির ছবি ইতিমধ্যেই ভাইরাল। তা নিয়ে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই বলছেন, পুরনো বেতের ঝুড়ি ছেড়ে কাঠের কারুকাজ করা নয়া এই সামগ্রী যুবসমাজকে বেশ আকর্ষণ করবে। কাশ্মীরি ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই বদল খুব দরকার ছিল। যদিও অনেকেই মন্তব্য করেছেন, কাংড়ির ওই বেতের ঝুড়িই ছিল ঐতিহ্যের প্রকৃত পরিচয়। বছরের পর বছর ধরে এইভাবেই কাশ্মীরিরা কাংড়িকে চিনে এসেছে। এটা উপত্যকার ঐতিহ্য। হঠাৎ করে এই বদল আদতে কাশ্মীরের পরিচয়কেই ক্ষুণ্ণ করছে। ফারহাত ভাট নামে এক সোশ্যাল মিডিয়া ইউজার বলেন, কাংড়ির নিজস্ব একটা পরিচয় রয়েছে। দীর্ঘদিন ধরে কাশ্মীরিরা এই বেতের ঝুড়ি নিয়েই শীতের কামড়ের মোকাবিলা করেছে। মানুষ সেই পুরানো ঐতিহ্যকেই বেশি পছন্দ করে। 
যদিও বহু কারিগর দারের এই উদ্যোগকে সমর্থন করেছেন। তাঁরা বলছেন, একসময় কাংড়ির বাজার ছিল। বর্তমানে আধুনিক গৃহস্থ বাড়িতে শীতের মোকাবিলায় হিটার সহ একাধিক সরঞ্জাম রয়েছে। তাই কাংড়ির চাহিদা অনেকটাই কমেছে। তাই কাশ্মীরি সংস্কৃতিকে ধরে রাখতে হলে এর আধুনিকীকরণ দরকার। আর সেটাই করে দেখিয়েছেন জাহিদ শওকত দার।