সংবাদদাতা, চন্দননগর: ষষ্ঠীর ভিড়কে ছাপিয়ে গেল সপ্তমীর সন্ধ্যা। চন্দননগরের রাস্তা পুরোপুরি দর্শনার্থীদের দখলে। সকাল থেকেই চলছে প্যান্ডেল হপিং। পায়ে হেঁটেই প্রতিমা দর্শনে ব্যস্ত দর্শনার্থীরা। তার সঙ্গে জমিয়ে চলছে খাওয়া-দাওয়া। রবিবার দর্শনার্থীদের ভিড় সামাল দিতে মানকুণ্ডুর দু’টি পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখতে হয় প্রশাসনকে। দুর্গাপুজোয় কলকাতার চোরবাগানের দুর্ঘটনার কথা মাথায় রেখে এবার চন্দননগরে দর্শনার্থীদের সুষ্ঠুভাবে প্রতিমা দর্শনের জন্য সব রকম ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন।
সাবেকি প্রতিমার পাশাপাশি থিমের মণ্ডপ দেখতেও লাইনে দাঁড়িয়েছেন দর্শনার্থীরা। রাত যত বেড়েছে, ততই ভিড় বেড়েছে বিভিন্ন মণ্ডপে। দর্শনার্থীদের নজরে অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ। ৫৭ তম বর্ষে তাদের চোখ ধাঁধানো মণ্ডপ দর্শনার্থীদের অবাক করেছে। যন্ত্রের কাছে মানুষ পুতুলে পরিণত হয়েছে, এই বাস্তবতাকেই ফুটিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপে। পুজো কমিটির বক্তব্য, যন্ত্রের সঙ্গে মানুষের সহবাস কবে শুরু হয়েছিল, তা সঠিকভাবে জানা যাবে না। বর্তমান সমাজ-সভ্যতায় মানুষ সর্বত্রই যন্ত্রনির্ভর। যন্ত্রের সঙ্গে বন্ধুত্ব আসলে মানুষকেও যান্ত্রিক করে তুলেছে, সমাজে নানা ঘটনা তা প্রমাণ করে। আজ রোবট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে মানুষের মনে জায়গা করে নিয়েছে, তা মানব সভ্যতার পক্ষে কি সত্যিই ভালো? প্রশ্ন থেকে যায়। পরিবেশ দূষণের কথাও ফুটে উঠেছে অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে। এই মণ্ডপে প্রদর্শিত হচ্ছে এক থ্রি-ডি ক্যানভাস। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে প্রতিমা।
চন্দননগরে আরও একটি নতুন থিম তুলে ধরেছে বোড় পঞ্চাননতলা সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ। ৫৩ তম বর্ষে তাদের থিম ‘কোলাজ’। এর মাধ্যমে উদ্যোক্তারা দর্শনার্থীদের বোঝাতে চেয়েছেন, টুকরো টুকরো নানা বস্তুর সমাহারেই কোলাজ তৈরি হয়। দেবী স্বয়ং শক্তির কোলাজ। আমাদের জীবনও ঠিক কোলাজের মত। মানুষ একা বাঁচতে পারে না। যুগ যুগ ধরে দলবদ্ধভাবে মানুষ নানা প্রতিকূলতাকে যেমন মোকাবিলা করে, ঠিক তেমনভাবেই আনন্দ উদযাপন করে। একসঙ্গে বাঁচার এই জীবন-কোলাজই সবচেয়ে উৎকৃষ্ট ‘কোলাজ’। মণ্ডপে অপূর্ব সুন্দর প্রতিমা দর্শকদের মন জয় করেছে। দর্শনার্থীদের ভিড়ে সপ্তমীতে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ছিল জমজমাট।



