দেশভাগের প্রেক্ষাপটে রচিত এক প্রেমের গল্প ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’। ইমতিয়াজ আলি পরিচালিত এই সিনেমা সদ্য মুক্তি পেয়েছে। আড্ডায় নানা কথা শেয়ার করলেন পরিচালক।
দেশভাগের প্রেক্ষাপটে রচিত এক প্রেমের গল্প ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’। ইমতিয়াজ আলি পরিচালিত এই সিনেমা সদ্য মুক্তি পেয়েছে। আড্ডায় নানা কথা শেয়ার করলেন পরিচালক।
• ছবির গল্প কি সত্যি ঘটনার উপর ভিত্তি করে তৈরি?
•• হ্যাঁ। এটা কোনো একজন ব্যক্তির গল্প নয়। অনেক মানুষের গল্প। আমি অনেক মানুষের সঙ্গে দেখা করেছি, যাঁরা দেশভাগ নিজের চোখে দেখেছেন।
• এখনকার প্রেমের গল্পে ভয়ংকর হিংসা আর প্রতিশোধের ছাপ। ইন্ডাস্ট্রিতে কি বদল এসেছে?
•• ইন্ডাস্ট্রি নয়, বদল এসেছে মানসিকতায়। কোভিডের পর দর্শকের কনটেন্ট দেখার অভ্যাস বদলেছে। এখন দর্শকের মনোযোগের সময়টুকু ধরতে হয়, আর সেটা সবচেয়ে সহজে হয় ভায়োলেন্স, হরর বা আউট-অ্যান্ড-আউট কমেডির মাধ্যমে। তাই এই ধরনের ছবিই বেশি তৈরি হচ্ছে। আমার মতো পরিচালকের কাছে চ্যালেঞ্জ হল, কীভাবে এমন একটা লাভ স্টোরি বানানো যায়, যা দর্শকের মনোযোগ কাড়বে। আমি হিংসাত্মক গল্প বানাতে চাই না।
• ‘জব উই মেট’-এর মতো এত বড় ব্লকবাস্টারের সিক্যুয়েলের কথা ভেবেছেন?
•• ‘জব উই মেট’-এর নামে অনেক টাকা, তারকা আর দর্শকের উন্মাদনা পাওয়া যাবে ঠিকই, কিন্তু শুধু সেই কারণে ছবি তৈরি হয় না। আগে মার্কেটিং করে পরে গল্প ঠিক করার পদ্ধতিতে আমি বিশ্বাস করি না। তাই আজ পর্যন্ত কোনো সিক্যুয়েল নিয়ে ভাবিনি।
• ‘লাভ আজ কাল’-এর সিক্যুয়েল করেছিলেন। কেন মনে করেছিলেন এর সিক্যুয়েল হওয়া উচিত?
•• আমার কাছে তখন একটা গল্প ছিল। কিন্তু সেই অভিজ্ঞতা আমাকে বুঝিয়েছে, সিক্যুয়েলের ক্ষেত্রে দর্শকের প্রত্যাশা একেবারেই আলাদা থাকে।
• এখন কি সিক্যুয়েলই ট্রেন্ডিং?
•• এখন সবাই মনে করেন দর্শককে থিয়েটারে ফেরানোর সবচেয়ে নিরাপদ উপায় হল হিট ছবির নাম ব্যবহার করা। তবে আজকের দর্শক খুব স্মার্ট, তারা আগেই বুঝে যায় ছবিতে দম আছে কি না।
• পরিচালক হিসাবে নিজেকে কীভাবে মূল্যায়ন করবেন?
•• আমি নিজের মূল্যায়নই করি না। নিজের ব্যাপারে খুব একটা আগ্রহী নই। বরং অন্যদের সিনেমা দেখি, অন্য পরিচালকদের নিয়ে ভাবি।
দেবারতি ভট্টাচার্য • মুম্বই