Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বোলপুরে ভোটার তালিকা সংক্রান্ত তৃণমূলের গুরুত্বপূর্ণ বৈঠক কাজলহীন

বোলপুরে ভোটার তালিকা সংক্রান্ত তৃণমূলের গুরুত্বপূর্ণ বৈঠক কাজলহীন
  • ২৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: মঙ্গলবার দুপুরে বোলপুরের তৃণমূল কার্যালয়ে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক হল। কিন্তু সেই বৈঠকে দেখা যায়নি কোর কমিটির গুরুত্বপূর্ণ সদস্য কাজল শেখকে। কোর কমিটি গঠন নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে মমতা অনুব্রতকে বলেছিলেন, কাজলকে কনফিডেন্সে নিতে হবে। সবাইকে অবাক করে দিয়ে সেই ভোটার তালিকা সংক্রান্ত বৈঠকে অনুব্রত থাকলেও কাজলের অনুপস্থিতি প্রশ্ন তুলে দিয়েছে মানুষের মনে। ভোটার তালিকা নিয়ে দ্বিতীয় এই বৈঠকে অনুব্রত ছাড়াও ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষ সহ জেলার তিন মহকুমার ব্লক ও শহর সভাপতিরা, পঞ্চায়েত সমিতির সভাপতিরা। এছাড়াও ছাত্র, মহিলা, যুব ও অন্যান্য শাখা সংগঠনের জেলা সভাপতিরাও বৈঠকে ছিলেন। শুধু ছিলেন না কাজল। 

Advertisement

প্রসঙ্গত, বীরভূম জেলায় এবার নতুন করে ১৬ হাজার ভোটারের নাম তালিকাভুক্ত হয়েছে। তবে তৃণমূলের ভূতুড়ে ভোটার ধরার অভিযানে ৪৮৩ জন ভুয়া ভোটার ধরা পড়েছে। আগামী ১৬ এপ্রিল থেকে ভোটার তালিকায় নাম সংযোজন ও বিয়োজন প্রক্রিয়া অনলাইন ও অফলাইন মাধ্যমে শুরু হবে। তাই এদিনের বৈঠকে সমস্ত জেলায় ব্লক ভিত্তিক ভুয়ো ভোটার ধরার কর্মসূচি জারি রাখার নির্দেশ দেন অনুব্রত মণ্ডল। বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, আগামী ১৬ এপ্রিল থেকে ভোটার তালিকা তৈরি হবে, সেই নিয়েই মূলত এই দিন আলোচনা হয়েছে। এই সংক্রান্ত বিষয়ে ব্লক ও অঞ্চল সভাপতিদের নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। কর্মসূচির বিষয়ে সকলকে নির্দেশ মাফিক কাজ করতে বলা হয়েছে। তবে এদিনের বৈঠকে জেলা পরিষদের সভাধিপতিকে দেখতে পাওয়া যায়নি। যার জেরে জেলায় ফের ‘কেষ্ট-কাজলের ঠান্ডা লড়াই’ নিয়ে চর্চা শুরু হয়েছে। যদিও কাজল শেখ বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচির জন্য কলকাতায় রয়েছেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ