সংবাদদাতা, মেখলিগঞ্জ: চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য কার্যত বিপর্যস্ত। আমদানি বাণিজ্য প্রায় বন্ধ হওয়ার মুখে। কমেছে রপ্তানিও। শুল্ক দপ্তর ও ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে, এই সীমান্ত দিয়ে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০টি ট্রাক বাংলাদেশ থেকে ভারতে পণ্য নিয়ে প্রবেশ করে। কিন্তু গত সাতদিনে মাত্র ১৬টি ট্রাক পণ্য নিয়ে এসেছে। এতে বাংলাদেশে প্রতিদিন প্রায় দু’কোটি টাকার বেশি ক্ষতি হচ্ছে। এই ক্ষতির পরিমাণ মাসে দাঁড়াতে পারে ৬০ কোটির বেশি। বর্তমানে বাংলাদেশ থেকে মশারি নেট, ফিশিং নেট, কটন ওয়েস্ট, কাচ ইত্যাদি পণ্যের আমদানি প্রায় বন্ধের মুখে। ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তরফে সম্প্রতি জারি এক বিজ্ঞপ্তিতে রেডিমেড পোশাক, ফল, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক সামগ্রীসহ বেশকিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের কোনও স্থলবন্দর দিয়ে এসব পণ্য ভারতে প্রবেশ করতে পারবে না। শুধু কলকাতা ও মুম্বইয়ের বন্দরের মাধ্যমে এই পণ্য আমদানির অনুমতি রয়েছে। রপ্তানি ক্ষেত্রেও ধস নেমেছে।



