বন দপ্তরে সরকারি চাকরির টোপ, ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার  তৃণমূল নেতা
  • ৩০ অক্টোবর, ২০২৬ ১০:৫১
Prefer us on Google

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: বন দপ্তরে স্থায়ী সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক বেকার যুবকের কাছ থেকে ১০ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে  তৃণমূল নেতা অজিত মাহাতোকে গ্রেপ্তার করল ঝাড়গ্রাম থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলি শ বাড়ি থেকে তাকে গ্ৰেপ্তার করে। শুক্রবার ধৃতকে জেলা আদালতে তোলা হবে। গ্ৰেপ্তারের ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকার বাসিন্দা সজল দাস (২৪)  থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ, অভিযুক্ত অজিত মাহাতো নিজের রাজনৈতিক প্রভাব ও রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকার কথা বলে বন দপ্তরে স্থায়ী সরকারি চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাসে বিশ্বাস করে ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে চার দফায় মোট ১০ লক্ষ টাকা তাঁকে দেন সজল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরির ব্যবস্থা হয়নি বলে অভিযোগ। এমনকী, দেওয়া টাকাও ফেরত পাননি ওই যুবক। অভিযোগ, টাকা ফেরত চাইতে গেলে তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পাশাপাশি আরও দুই লক্ষ টাকা দাবি করা হয় বলেও অভিযোগকারীর দাবি। সজলের আরও অভিযোগ, সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে আরও কয়েকজন বেকার যুবকের কাছ থেকেও টাকা নেওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। ফলে এই ঘটনার পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা নিয়েও উঠেছে প্রশ্ন।

 তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই প্রতারণার ঘটনায় আর কারা জড়িত, কতজন যুবকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এবং আত্মসাৎ করা অর্থ কোথায় রাখা হয়েছে। পাশাপাশি অভিযুক্তের সঙ্গে কোনও সংগঠিত প্রতারণা চক্রের যোগসূত্র রয়েছে কীনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।