সংবাদদাতা, আলিপুরদুয়ার: ভুটানে লেকের বাঁধ ভাঙার খবর ঘিরে উদ্বেগ ছড়াল ভারত-ভুটান আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায়। সংকোশ নদীর জলস্তর হু হু করে বাড়তে থাকায় সম্ভাব্য বিপদের আশঙ্কায় সতর্কতা জারি করল আলিপুরদুয়ার জেলা প্রশাসন। কুমারগ্রাম ব্লকের নদী তীরবর্তী গ্রামগুলির বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতিও শুরু করেছে প্রশাসন।
প্রশাসন সূত্রে খবর, ভুটানের সিমতাপু লেকের বাঁধ ভেঙে যাওয়ার বার্তা পাওয়ার পরেই তৎপরতা শুরু হয়। জেলা পুলিশের কাছেও এই সংক্রান্ত বার্তা এসেছে বলে জানিয়েছেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার শাহ। অন্যদিকে, এলাকার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওড়াওঁ সমাজমাধ্যমে সংকোশ নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন। উত্তর হলদিবাড়ি, দক্ষিণ হলদিবাড়ি, বিত্তিবাড়ি, চ্যাংমারি, শালবাড়ি ও বারোবিশা-সহ সংকোশ নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন বনমন্ত্রী। ইতিমধ্যেই সংকোশ ফরেস্ট বস্তির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। পরিস্থিতির কথা মাথায় রেখে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে একটি মেডিক্যাল টিম প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় একাধিক সতর্কতামূলক পদক্ষেপও করা হচ্ছে। নদীর জলস্তর ক্রমশ বাড়তে থাকায় পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন ও পুলিশ।
উল্লেখ্য, কুমারগ্রামের সংকোশ নদী অসম ও পশ্চিমবঙ্গের সীমানা হিসেবে পরিচিত। ফলে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির অবনতি হলে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সেই লক্ষ্যেই সতর্কতামূলক পদক্ষেপ জোরদার করা হয়েছে।



