সংবাদদাতা, ময়নাগুড়ি: কালীপুজো হাতে গোনা মাত্র আর কয়েকটি দিন। এরই মাঝে আজ শুক্রবার কালী মন্দিরের তালা ভেঙে দান বাক্সের টাকা চুরির অভিযোগ উঠে এল ময়নাগুড়ির ডাঙ্গাপাড়া এলাকায়। এই ঘটনায় রীতিমতো মাথায় হাত বুকধাপুরী কালী বাড়ি মন্দির কমিটির সদস্যের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
জানা গিয়েছে, আজ থেকে প্রায় ১০০ বছর আগে ডাঙ্গাপাড়া এলাকায় এই মন্দির গড়ে ওঠে। স্থানীয়রা জানিয়েছেন, একসময় এই মন্দিরের সামনে দিয়ে মানুষজনের বুক ভয়ে ধক ধক করে উঠত। আর ঠিক সেই কারণে এর নামকরণ করা হয় বুক ধাপুরী কালী বাড়ি মণ্ডপ।
পুজো কমিটির সদস্য জানান, মন্দির গত বছর পুনর্নির্মাণ করা হয়। আজ সকালে দেখি তালা ভাঙ্গা। প্রায় ৮ কেজি ওজনের ঘণ্টা সহ দান বাক্সের টাকা চুরি হয়েছে। পুজোর মুখে বিরাট ক্ষতিতে চিন্তিত মন্দির কতৃপক্ষ। এরপর দেরি করে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে পৌঁছয় তাঁরা। গোটা বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারী দল।



