জেলা পুলিশের বড় সাফল্য! ২৮ দিনের মাথায় চুরির কিনারা করে গয়না সহ ধৃত ৩
  • ৩০ অক্টোবর, ২০২৬ ১৪:৫২
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: অবশেষে কিনারা হল রঘুনাথপুরের বহু চর্চিত মৌতড় কালীমন্দিরে চুরির ঘটনা। ২৮ দিনের মাথায় চুরি যাওয়া সমস্ত গয়না উদ্ধার করে পুলিশ।  চুরির দায়ে বৃহস্পতিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম আকাশ রেওয়ানি, গঙ্গা যাদব। তাদের বাড়ি পুরুলিয়া শহরের কাটিং পাড়া এলাকায়। এই দুই ব্যক্তি কাটিং পাড়া এলাকার ব্যবসায়ী মহরম আনসারীর কাছে চুরির মালপত্র বিক্রি করেছিল। পুলিশ তাকেও গ্রেপ্তার করেছে।

Advertisement

 উল্লেখ্য, ২ অক্টোবর রঘুনাথপুর থানা এলাকার জাগ্রত মৌতড় কালীমন্দিরে গভীর রাতে চুরির ঘটনাটি ঘটে। গ্যাস কাটার দিয়ে মন্দিরের তালা কেটে মা কালীর শরীর থেকে সমস্ত গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভ ছড়ায়। ভক্তরা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব হন।

 ঘটনার গুরুত্ব বুঝে পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। রঘুনাথপুর থানার পুলিশের পাশাপাশি জেলার গোয়েন্দা শাখাও তদন্তে নামে। মন্দির সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ, মোবাইল টাওয়ার লোকেশন ও গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তদন্ত এগোয়। অবশেষে টানা ২৮ দিনের প্রচেষ্টার পর পুলিশ তিন জনকে গ্রেপ্তার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে মন্দির থেকে চুরি যাওয়া সমস্ত রূপার গয়না উদ্ধার করা হয়েছে। তবে মায়ের যে অলংকার ছিল সেগুলিকে গলিয়ে ইতিমধ্যে বিভিন্ন রকমের অলংকার বানিয়ে ফেলা হয়েছে।

জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ বলেন, ধৃতরা পেশাদার চোর চক্রের সদস্য। তারা আগে থেকেই মন্দিরের উপর নজর রেখেছিল। চুরির পর গয়না বিক্রির ছক কষেছিল। তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় তারা।

 আজ তিনজন অভিযুক্তকে রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ তাদের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জেলা পুলিশের এই সাফল্যে খুশি মন্দির কমিটি ও স্থানীয় বাসিন্দারা। মন্দির কমিটির পক্ষ থেকে পুলিশকে ধন্যবাদ জানানো হয়েছে।