আকভানের প্রভাব,অকাল বৃষ্টিতে  বাংলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রীর  চালু করা হল হেল্পলাইন
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টির জেরে রাজ্যের বিভিন্ন জেলায় কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে নবান্ন। ধান, আলু, সরষের পাশাপাশি সাক সবজির ব্যাপক ক্ষতি হয়েছে বলেই প্রাথমিকভাবে জানতে পেরেছে রাজ্য প্রশাসন। শুক্রবার তড়িঘড়ি বৈঠক ডেকে পদস্থকর্তা এবং জেলাশাসকদের নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে সবরকমভাবে কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। কৃষকদের জন্য বিশেষ হেল্পলাইন নম্বরও (১৪৪৪৭) চালু করা হয়েছে রাজ্যের তরফে। 

Advertisement

নবান্ন সূত্রে খবর, আবহাওয়ার উন্নতি হলেই কৃষিদপ্তরের উদ্যোগে ফসলের ক্ষয়ক্ষতি সমীক্ষা শুরু হবে। কত জমির ফসল নষ্ট হয়েছে, কোন ফসল বেশি ক্ষতিগ্রস্ত এবং কৃষকদের আর্থিক ক্ষতির পরিমাণ কত? পূর্ণাঙ্গ হিসাব নবান্নে দ্রুততার সঙ্গে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে, যাতে সরকারের ফসল বিমার অধীন কৃষকদের ক্ষতিপূরণ পেতে দেরি না-হয়। 
অগ্রহায়ণ মাস বাংলার কৃষকদের কাছে ফসল ঘরে তোলার আনন্দের সময়। কিন্তু দুদিনের নাগাড়ে অকাল বৃষ্টিতে বর্ধমান, হুগলি, হাওড়া-সহ কয়েকটি জেলার বিস্তীর্ণ কৃষিজমিতে ফসল নষ্ট হয়েছে বলেই খবর এসেছে। বিশেষ করে এই অকাল বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমন ধানের। ধান কাটার মুহূর্তেই এই দুর্যোগের কারণে পাকাধান জমিতেই পড়ে যাওয়া, অতিবৃষ্টিতে ধানের শিষ ভিজে যাওয়া, জমিতে জল জমে থাকা এবং কাটা ধান শুকোতে না-পারার মতো সমস্যায় পড়তে হবে কৃষকদের। কারণ, হাতে গোনা কয়েকটি ক্ষেত্রে মাত্র ৪০ শতাংশ ধান কাটার খবর এলেও অধিকাংশ জায়গায় এখনো মাত্র ১০ শতাংশ ধান কাটা হয়েছে বলেই প্রাথমিকভাবে জানতে পেরেছে নবান্ন। ফলে চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা করছে রাজ্যের শীর্ষমহলও। আবার এই প্রাকৃতিক দুর্যোগের কারণে কয়েকবছর ধরে লাগাতার উপযুক্ত দাম না-পেয়ে ঋণের বোঝায় জর্জরিত আলু চাষিদের আর্থিক সংকট আরও গভীর হতে চলেছে বলেও মত বিশেষজ্ঞদের।