করাচি: আফগানিস্তানের কাছে হারার পর প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার। প্রশ্ন উঠছিল তাঁর নেতৃত্বগুণ নিয়েও। অবশেষে চাপের মুখে অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করলেন তিনি। শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাটলার। সেখানে তিনি বলেন, ‘সহজ সিদ্ধান্ত ছিল না। তবে বাস্তবটা মেনে নিয়েই আমি ক্যাপ্টেন্সি ছাড়ার কথা ভেবেছি। আশা করব, কেউ একজন দায়িত্ব নিয়ে কোচ ম্যাকালামের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দলকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে।’
Advertisement
বাটলারের নেতৃত্বে ভারতের মাটিতে ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ইংল্যান্ড। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিপর্যয়। স্বভাবতই বাটলারের অধিনায়কত্ব হারানো ছিল শুধু সময়ের অপেক্ষা। তবুও তিনি আশা করেছিলেন, দেশে ফিরে বোর্ড কর্তাদের সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ ঠিক করবেন। কিন্তু চাপের মুখে সেই সুযোগও পেলেন না তিনি। সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ বারের মতো টস করতে নামছেন বাটলার।



