Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইংলিশবাজারে সিল করা হল দু’টি ‘বেআইনি’ ল্যাবরেটরি 

ইংলিশবাজারে সিল করা হল দু’টি ‘বেআইনি’ ল্যাবরেটরি 
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মালদহ: নিয়ম না মেনে চালানো হচ্ছিল ল্যাবরেটরি। বিভিন্ন সংস্থার লেটার হেড ব্যবহার করে দেওয়া হচ্ছিল রক্ত পরীক্ষার ভুয়ো রিপোর্টও। এমন অভিযোগের পর বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে দু’টি ল্যাবকে সিল করল জেলা প্রশাসন। এবিষয়ে জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া বলেন,মিল্কির ওই দুটি ল্যাবরেটরির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠতেই প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে। কোনও মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলতে দেব না। অনিয়ম দেখলেই কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।  প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইংলিশবাজার ব্লকের মিলকিতে রমরমিয়ে চলছিল ওই ল্যাবরেটরি দু’টি। অভিযোগ,প্যাথলজিস্ট তো দূরের কথা, সেন্টার চালাচ্ছিলেন দুই যুবক। তাঁদের মধ্যে একজন নাকি মাধ্যমিক পাশ, অন্যজন উচ্চ মাধ্যমিক। 
Advertisement
বৃহস্পতিবার দুপুরে ওই দুটি ল্যাবে অভিযান চালায় স্বাস্থ্যদপ্তরের সার্ভেল্যান্স টিম। এদিন প্রতিনিধিরা গিয়ে প্রথমেই সিএমওএইচের অনুমতিপত্র দেখাতে বলেন। যা একটি ল্যাবরেটরি চালু করার জন্য প্রথম শর্ত। উত্তরে সেখানকার কর্মীরা বলেন এখনও অনুমতিপত্র পাওয়া যায়নি। এরপর তাঁদের কাছে জানতে চাওয়া হয় আবেদন জানানো হয়েছে কি না। যুবকরা জানান, সেবিষয়ে ভাবনাচিন্তা চলছে। এরপর তাঁদের কাছে একে একে ট্রেড লাইসেন্স, দূষণ নিয়ন্ত্রণ পর্যদ, দমকল বিভাগের অনুমোদনপত্র চাওয়া হলে ল্যাবের কর্মীরা কোনও নথিই দেখাতে পারেননি বলে অভিযোগ। এখানেই শেষ নয়। তাঁরা রক্তের নমুনা সংগ্রহ করে মালদহ এবং মুর্শিদাবাদের বিভিন্ন সংস্থায় পরীক্ষার জন্য পাঠান বলে দাবি করেছিলেন। কিন্তু তাঁদের কাছে রক্তের নমুনা ল্যাবরেটরিতে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দেখাতে বলা হলেও পারেনি। এই ধরনের কথাবার্তায় সন্দেহ হওয়ায় সেখানে তল্লাশি চালান প্রশাসনের কর্মীরা। উদ্ধার হয় মালদহ ও মুর্শিদাবাদের কয়েকটি সংস্থার লেটার হেড। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আপাতত এই দু’টি ল্যাবরেটরি সিল করে ৩ ডিসেম্বর জেলাশাসকের কার্যালয়ে শুনানির জন্য ডাকা হয়েছে। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ