নিজস্ব প্রতিনিধি, মালদহ: একই স্কুলে এবার থেকে সাধারণ পড়ুয়াদের সঙ্গে পড়াশোনার সুযোগ পাবে বিশেষভাবে সক্ষম বাচ্চারাও। এর ফলে শুরু দিকে বেশকিছু প্রতিবন্ধকতা দেখা দিতে পারে। কীভাবে তা মোকাবিলা করা হবে, সেই পথ দেখাতে মালদহের ইংলিশবাজার শহরের গ্রিনপার্কে ডিটিসিতে (ডিস্ট্রিক্ট ট্রেনিং সেন্টার) শুরু হল ‘রেসিডেন্সিয়াল ইনক্লুসিভ এডুকেশন’ প্রশিক্ষণ শিবির।
Advertisement
মালদহের ইইডি (ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসএবেলড) কো-অর্ডিনেটর পঙ্কজ কুমার দাস বলেন, ছ’দিন এই শিবির চলবে। এটা সমগ্র শিক্ষা মিশন এবং ইউনিসেফ যৌথভাবে পরিচালনা করছে। রাজ্য পর্যায়ের এই শিবিরে অংশগ্রহণ করেছেন উত্তরবঙ্গের আটটি জেলার প্রতিনিধিরা। একটি জেলা থেকে ১৩ জন করে প্রতিনিধি এখানে প্রশিক্ষণ নেবেন। তাঁদের মধ্যে ১২ জন স্পেশ্যাল এডুকেটর এবং একজন করে ইইডি কো-অর্ডিনেটর রয়েছেন।



