Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পোস্তা-বড়বাজারে বেআইনি পার্কিং! সারপ্রাইজ ভিজিট দেবাশিস কুমারের, খবর জানাজানি হতেই উধাও গাড়ি, তৃণমূল-বিজেপির বচসা

বড়বাজার ও পোস্তা এলাকায় বেআইনি গাড়ি পার্কিংয়ের অভিযোগ নতুন নয়। কিন্তু, কলকাতা পুরসভার পার্কিং বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমারের সারপ্রাইজ ভিজিটের দিনেই সেই বেআইনি পার্কিং উধাও! উল্টে সেই অভিযোগকে ঘিরে রাস্তাতেই দেবাশিসবাবুর সামনে বচসায় জড়ালেন তৃণমূল ও বিজেপি কাউন্সিলররা।

পোস্তা-বড়বাজারে বেআইনি পার্কিং! সারপ্রাইজ ভিজিট দেবাশিস কুমারের, খবর জানাজানি হতেই উধাও গাড়ি, তৃণমূল-বিজেপির বচসা
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়বাজার ও পোস্তা এলাকায় বেআইনি গাড়ি পার্কিংয়ের অভিযোগ নতুন নয়। কিন্তু, কলকাতা পুরসভার পার্কিং বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমারের সারপ্রাইজ ভিজিটের দিনেই সেই বেআইনি পার্কিং উধাও! উল্টে সেই অভিযোগকে ঘিরে রাস্তাতেই দেবাশিসবাবুর সামনে বচসায় জড়ালেন তৃণমূল ও বিজেপি কাউন্সিলররা। নিজের দলের কাউন্সিলারকে থামাতে দেখা যায় মেয়র পারিষদকে। রাস্তায় এভাবে দু’পক্ষের ঝামেলার জেরে ভিড় জমে যায়।

Advertisement

কলকাতার ২২, ২৩ এবং ৪২ নম্বর ওয়ার্ডে বেআইনি পার্কিংয়ের অভিযোগ রয়েছে। যার মধ্যে ২২ ও ২৩ নম্বর ওয়ার্ডে বিজেপি ও ৪২ নম্বর ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলার রয়েছেন। সোমবার, পোস্তার কে কে টেগোর স্ট্রিট সহ বড়বাজারের বিভিন্ন এলাকায় বেআইনি পার্কিংয়ের চিত্র দেখতে যান দেবাশিস কুমার। মূলত, পুরসভার সাম্প্রতিক অধিবেশনে বেআইনি পার্কিংয়ের অভিযোগে সরব হয়েছিলেন বিজেপি কাউন্সিলররা। যার পরিপ্রেক্ষিতে এদিনের এই সারপ্রাইজ ভিজিট। কিন্তু, আশ্চর্যের বিষয় হল, মেয়র পারিষদের ওই এলাকায় যাওয়ার খবর কোনওভাবে জানাজানি হয়ে যায়। বিজেপি কাউন্সিলার বিজয় ওঝার বক্তব্য, ‘মেয়র পারিষদের আসার কথা কীভাবে সবাই জেনে গেল, সেটা জানি না। আজ সেজন্য আশ্চর্যজনকভাবে সবকিছু ঠিকঠাক ছিল।’ এদিন ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার মীনাদেবী পুরোহিতের অফিসে বৈঠক করেন দেবাশিসবাবু। সেখানে হাওড়া ট্রাফিক গার্ডের ওসি সহ ২৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার বিজয় ওঝা ও ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার মহেশ শর্মাও উপস্থিত ছিলেন।
এদিন যাবতীয় বেআইনি পার্কিংয়ের জন্য বিজেপি কাউন্সিলারদের কাঠগড়ায় তোলেন মহেশ শর্মা। তাঁর দাবি, ‘এই সমস্যা বামফ্রন্টের সময় থেকেই। বিজেপি কাউন্সিলররা মুখে বলছেন। কিন্তু, পুলিসে অভিযোগ জানাননি কেন? আসলে তাঁরাও এর সঙ্গে জড়িত।’ মীনাদেবী পুরোহিত ও বিজয় ওঝার দিকে রীতিমতো আঙুল তুলে অভিযোগ করেন মহেশ। তখন দেবাশিস কুমার তাঁর দলের কাউন্সিলারকে চুপ করতে বলেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় মেয়র পারিষদ কার্যত ধমক দিয়ে চুপ করতে বলেন মহেশকে। দেবাশিসবাবু বলেন, ‘বেআইনি পার্কিং দেখতে এসেছিলাম। কিন্তু আজ কোনও সমস্যা নেই। অন্যদিন নিশ্চয়ই সমস্যা থাকে, না হলে অভিযোগ আসবে কেন?’ এদিনের বৈঠকে ঠিক হয়েছে, মাঝে মাঝেই পুলিসকে সঙ্গে নিয়ে এমন পরিদর্শন হবে। মীনাদেবী পুরোহিত বলেন, ‘সমস্যা রয়েছেই। আজ মেয়র পারিষদ নিজে এসেছেন। সব দেখলেন।’  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ