Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

নন্দীগ্রামে হাসপাতালের বাইরে বেআইনি ডায়াগনস্টিক সেন্টার

নন্দীগ্রাম জেলা হাসপাতালের বাইরে নিয়ম ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ওই হাসপাতাল ভিজিটের সময় বিষয়টি তাঁর নজরে আনা হয়।

নন্দীগ্রামে হাসপাতালের বাইরে বেআইনি ডায়াগনস্টিক সেন্টার
  • ১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: নন্দীগ্রাম জেলা হাসপাতালের বাইরে নিয়ম ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ওই হাসপাতাল ভিজিটের সময় বিষয়টি তাঁর নজরে আনা হয়। তিনি সঙ্গে সঙ্গে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসিত দেওয়ানকে ওই ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার নির্দেশ দেন। তারপর কর্তৃপক্ষের কোনো বক্তব্য থাকলে সেটা শোনা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ওই হাসপাতালে পরিষেবা নিয়ে মন্ত্রী সন্তুষ্ট হলেও তিনটি বিষয়ে নিজের আপত্তির কথা জানিয়ে দেন। প্রত্যেক বেডে রোগীর সঙ্গে একজন বাড়ির লোক থাকার বিষয়টি ঠিক নয়। মুমূর্ষু, অপারেশন হওয়া, ক্যাথিটার পরানো, অক্সিজেন নির্ভর কিংবা মারাত্মক সংক্রমণ হওয়া রোগী ছাড়া অন্যদের সঙ্গে রোগীর বাড়ির সদস্যদের থাকার প্রয়োজন নেই বলে স্বাস্থ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দেন।

Advertisement

তিনদিনের একাধিক কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার রা঩তেই হলদিয়া এসে পৌঁছান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। এদিন সকালে হলদিয়া মহকুমা সহ সেখানকার বেশ কয়েকটি হাসপাতাল ভিজিটের পর মন্ত্রী যান নন্দীগ্রাম জেলা হাসপাতালে। আগে এই হাসপাতাল নন্দীগ্রাম সুপার স্পেশালিটি ছিল। কিন্তু, পৃথক স্বাস্থ্য জেলা গঠিত হওয়ার পর সেটি জেলা হাসপাতাল হিসাবে আত্মপ্রকাশ করেছে। এদিন মন্ত্রী প্রত্যেকটি ওয়ার্ড, ল্যাব, ফার্মেসি, ওপিডি সহ বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। রোগীর বাড়ির লোকজনের সুবিধা, অসুবিধা নিয়ে কথা বলেন। কোনো কোনো ডাক্তার নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট করানোর পরামর্শ দেন বলে স্বাস্থ্যমন্ত্রীর কাছে নালিশ আসে। তিনি এনিয়ে কড়া প্রতিক্রিয়া দেন। মন্ত্রী বলেন, কোনোরকম দালালি কিবা কাটমানি বরাদাস্ত নয়। হাসপাতালের মধ্যেই রয়েছে যাবতীয় পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। সুতরাং বাইরে যাওয়ার দরকার নেই। ডাক্তারের পরামর্শ মানবেন না। বাইরে থেকে যদি টেস্ট করাতে চান, তাহলে ডাক্তার যেখানে যেতে বলছেন সেখানে না গিয়ে অন্যত্র যান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, নন্দীগ্রাম জেলা হাসপাতালে পরিষেবা ভাল। নার্সিং স্টাফদের পারফরম্যান্স খুব ভালো। এখানে তিনটি সমস্যা আমার নজরে এসেছে। প্রথমত, গ্রাউন্ড ফ্লোরে ফার্মাসির কাউন্টার কম। দ্বিতীয়ত, আউটডোরের জন্য টিকিট ঘরের কাউন্টার কম। গ্রাউন্ড ফ্লোরে সাধারণ বর্জ্য রাখার উপযুক্ত ব্যবস্থা নেই। তৃতীয়ত, সব বেডে রোগীর সঙ্গে একজন করে বাড়ির লোক বসে আছেন। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সের আর্জি জানিয়েছে। আমরা নন্দীগ্রামে দু’টো অ্যাম্বুলেন্স দেবে। টিবি পরীক্ষার জন্য তিনটি ট্রুন্যাট মেশিন দেব। স্বাস্থ্যভবনে ফিরে গিয়ে ফাইলপত্র রেডি করব। এদিন নন্দীগ্রাম থেকে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। এদিন ভিজিট উপলক্ষ্যে প্রত্যেক বেডে নতুন বেড কভার দেওয়া হয়েছিল। ঝোলানো হয়েছিল নতুন পর্দা। তবে সেখানকার হাসপাতালে দেওয়াল, টয়লেট সহ নানা বিষয়ে পরিচ্ছন্নতার অভাব রয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়ে দেন।
 ভগবানপুর গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ