সংবাদদাতা, বোলপুর: নকল রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালটিকে প্রতারণা করে কোনও দেশি বা বিদেশি এজেন্সিকে বিক্রি করাই ছিল দুর্বৃত্তদের আসল উদ্দেশ্য। বৃহস্পতিবার ধাতব উপাদানটি উদ্ধার করার পর হোটেল থেকে ধৃত দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এমনটাই জানতে পেরেছে শান্তিনিকেতন থানার পুলিস। ওই ধাতব বস্তুটিকে ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল। তবে দুষ্টচক্রের এই কাজে যে দুই ব্যক্তি গ্রেপ্তার হয়েছে, তাদের উপরে অনেক বড় বড় মাথা রয়েছে বলে তদন্তে পুলিস জেনেছে। এমনকী, আইআইটি কলেজের এক অধ্যাপকের নামও এই প্রতারণা কাণ্ডে পুলিসের সামনে এসেছে। সামগ্রিক ঘটনায় ওই হোটেলের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। তদন্তের স্বার্থে ওই হোটেলে নিয়ে গিয়ে এদিন দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর ওই হোটেলে থাকা অভিযুক্তদের দু’টি মোবাইল ও একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়। এখন এই ঘটনায় সঙ্গে জড়িত মূল কিংপিনের খোঁজে শান্তিনিকেতন থানা। পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রায় দিন ২০ আগে শান্তিনিকেতন এসেছিল রাজস্থানের জয়পুরের বাসিন্দা কপিলকুমার জৈন ও বিহারের কাঠারিবাগ জেলার রাজীব জয়সওয়াল। তারা বিভিন্ন হোটেল ও রিসর্ট পাল্টে পাল্টে থাকছিল। মূলত তাদের কাজকর্ম ঘুণাক্ষরেও যাতে কেউ টের না পায়, সেজন্যই তারা এই পন্থা অবলম্বন করছিল। সর্বশেষ শ্রীনিকেতনের এক অভিজাত রিসর্টে ওঠার পর গোটা হোটেলটিই তারা বুকিং করেছিল। এরপরে সেখানেও তাদের গোপন পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। সেখানে অচেনাদের আনাগোনাও চলছিল।



