পুরভোট না হলে ১ ডিসেম্বর থেকেই হাওড়ার সব ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগ: মুখ্যমন্ত্রী
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নির্ধারিত সময় হাওড়া পুরসভার নির্বাচন না হলে আগামী ১ ডিসেম্বর থেকে প্রতিটি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে। তবে সেই পদে কাদের বসানো হবে, তা নিয়ে এদিন স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, যাঁরা সরকারকে সহযোগিতা করবেন, বিরোধিতা করবেন না, তাঁদেরই কো-অর্ডিনেটর হিসাবে বসানো হবে। বৃহস্পতিবার শিবপুরের কাজিপাড়ায় জগৎ ব্যানার্জি ঘাট রোডে ছটব্রতীদের পুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসে এই ঘোষণা করেন তিনি।

Advertisement

এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘গত ১৩ বছর ধরে হাওড়া পুরসভার নির্বাচন হয়নি। এর ফলে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। রাজ্য সরকার পুরভোট করাতে চায়। ওয়ার্ড পুনর্বিন্যাসের পর সেই প্রস্তুতি শুরু হয়েছিল। কিন্তু যাঁরা ভোটে জিততে পারবেন না, যাঁদের জামানত বাজেয়াপ্ত হবে, তাঁরা পুজোর ছুটির মধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন। ভোট প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা চলছে।’ মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, ‘রাজ্য সরকারও প্রয়োজনে এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে এবং স্পেশাল লিভ পিটিশন জমা দেবে। তবে আইনি প্রক্রিয়ার কারণে সময়মতো নির্বাচন সম্ভব না হলে ১ ডিসেম্বর থেকে ওয়ার্ডগুলিতে কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে।’ এদিন এই মঞ্চ থেকে বাম ও তৃণমূলকে একযোগে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ৩৪ বছর ধরে কমিউনিস্টরা সনাতনী পরম্পরাকে নষ্ট করেছে। গত ১৫ বছর হিন্দুদের মধ্যে বিভাজনের রাজনীতি হয়েছে। পিতৃপক্ষে কাঁচি নিয়ে বেরনো থেকে রামনবমীর মিছিলে পাথর ছোড়ার মতো ঘটনা ঘটেছে। তাঁর কথায়, ৩৪ বছরের নাস্তিক কমিউনিস্ট এবং ১৫ বছরের জামাত তৃণমূল, দু’পক্ষকেই মানুষের থেকে দূরে সরিয়ে রাখতে হবে, যাতে কেউ আর মাথা তুলতে না পারে। রাজ্যের ঐতিহ্য, সংস্কৃতি ও পরম্পরাকে ফিরিয়ে আনার বার্তা দেন তিনি। তাঁর অভিযোগ, গত ১৫ বছরে এ রাজ্য থেকে ১৫ হাজার কোটি টাকা দেশের বাইরে পাঠানো হয়েছে। এই ঘটনায় কাউকে ছাড়া হবে না। একে একে সবাইকে ধরা হবে।
ছটপুজো প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এ বছর রাজ্যে ধুমধাম করে মর্যাদার সঙ্গেই ছট উৎসব পালিত হবে। গঙ্গার ঘাটগুলি পরিষ্কার করা হয়েছে। বিধায়ক ও আধিকারিকরা রাস্তায় নেমে কাজ করছেন। আগামী ১৫ নভেম্বর তিনি নিজে বোটে করে কলকাতা ও হাওড়ার ঘাট পরিদর্শন করবেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং, প্রতিমন্ত্রী উমেশ রাই, বিধায়ক সঞ্জয় সিং সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও জেলা প্রশাসনের পদস্থ কর্তারা। অনুষ্ঠান শেষে বেলুড় মঠে গিয়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজের আশীর্বাদ নেন মুখ্যমন্ত্রী। পরে মঠের আধিকারিকদের সঙ্গেও কথাবার্তা বলেন।