Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ছেলেকে খুনে সোনকর ভাইয়েরা জড়িত থাকলে কঠোর শাস্তি হোক, জানালেন চন্দ্রনাথের মা হাসিরানি

ছেলের খুনের ঘটনায় দুই ভাই সাগর ও সাহেব সোনকর জড়িত থাকলে তাদের কঠোর শাস্তি হোক। আমার ছেলের সঙ্গে ওদের যোগাযোগ ছিল বলে জানতাম না। ছেলে কখনো ওদের সম্পর্কে কিছু জানায়নি।

ছেলেকে খুনে সোনকর ভাইয়েরা জড়িত থাকলে কঠোর শাস্তি হোক, জানালেন চন্দ্রনাথের মা হাসিরানি
  • ২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: ছেলের খুনের ঘটনায় দুই ভাই সাগর ও সাহেব সোনকর জড়িত থাকলে তাদের কঠোর শাস্তি হোক। আমার ছেলের সঙ্গে ওদের যোগাযোগ ছিল বলে জানতাম না। ছেলে কখনো ওদের সম্পর্কে কিছু জানায়নি। শনিবার চণ্ডীপুর ব্লকের কুলুপ গ্রামে বাড়িতে বসে চন্দ্রনাথের মা হাসিরানি রথ একথা বলেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর আস্থা রয়েছে। ছেলের খুনিরা ধরা পড়বে, এই বিশ্বাস আমার ছিল। আগেই উত্তরপ্রদেশ ও বিহার থেকে কয়েকজন ধরা পড়েছিল। সিবিআই আরও দু’জনকে গ্রেপ্তার করেছে বলে শুনেছি। ওরা ছেলেকে হত্যার ঘটনায় যুক্ত থাকলে কঠোর শাস্তি হোক।

Advertisement

প্রসঙ্গত, ৬মে আচমকা‌ই খুন হন চন্দ্রনাথ রথ। তিনি সেই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক ছিলেন। বিজেপি ক্ষমতায় আসার পর শুভেন্দুবাবুই মুখ্যমন্ত্রী হতে চলেছেন, এমন একটা ধারণা তৈরি হয়ে গিয়েছিল। ফলে তাঁর আপ্তসহায়ক হিসাবে চন্দ্রনাথের কদর আরও বাড়বে, এমনটাই সবাই মনে করছিল। এরকম একটা প্রেক্ষাপটে ৬মে তিনি খুন হন। ঘটনার দিনও চন্দ্রনাথ শুভেন্দুবাবুর সঙ্গে নন্দীগ্রামে ধন্যবাদজ্ঞাপন কর্মসূচিতে ছিলেন। সেখান থেকে চণ্ডীপুরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দেখা করে মধ্যমগ্রামে ফিরে যান। সেখানেই আততায়ীরা তাঁকে খুন করে। চন্দ্রনাথকে খুনের ঘটনায় জড়িতদের পাতাল থেকে হলেও খুঁজে বের করবেন বলে হাসিরানিদেবীকে কথা দিয়েছিলেন শুভেন্দুবাবু। ওই ঘটনায় রাজ্য সরকার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। তদন্তে নেমে সিবিআই সাগর সোনকর ও সাহেব সোনকর নামে দুই ভাইকে গ্রেপ্তার করে। তাদের মাধ্যমেই প্রায় ৪০ লক্ষ টাকা উত্তরপ্রদেশের শার্প শ্যুটারদের কাছে পৌঁছেছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। চন্দ্রনাথকে খুনের ঘটনায় আগেই উত্তরপ্রদেশ থেকে রাজ সিং, বিহার থেকে ভিকি মৌর্য ও মায়াঙ্ক মিশ্রকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের সিট। অপরাধীদের ফেলে যাওয়া গাড়ির ফাস্টট্যাগ এবং তারসঙ্গে লিঙ্ক থাকা ইউপিআই ওয়ালেটের সূত্র ধরে ওই তিনজনকে পাকড়াও করা হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে নিহত চন্দ্রনাথবাবুর মাকে সরকারি নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে। তিনি বাড়ি থেকে বাইরে কোথাও গেলে দেহরক্ষী তাঁর সঙ্গী হয়। চন্দ্রনাথবাবুর ভাই সৌমেন রথ সেচ দপ্তরের অস্থায়ী কর্মী। হাসিরানিদেবী বলেন, প্রত্যেক দুষ্কৃতীর শাস্তি হোক। আমার দৃঢ় বিশ্বাস, মুখ্যমন্ত্রী তাদের সকলের শাস্তি নিশ্চিত করবেন।  

Advertisement
সম্পর্কিত সংবাদ