নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফুটপাত কেটে চওড়া করতে হবে রাস্তা। যাতে ফুটপাতের উপর গাড়ি পার্ক করা বন্ধ হয়। পথচারীরা সহজেই ফুটপাত দিয়ে চলাচল করতে পারেন। শুক্রবার, ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এ সংক্রান্ত একটি অভিযোগ আসে। তার পরিপ্রেক্ষিতে ফুটপাত চওড়া করার নির্দেশ দেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘যেখানে যেখানে পাঁচ ফুটের বেশি চওড়া ফুটপাত খালি আছে সেখানে রাস্তা প্রশস্ত করা হোক। তাহলে গাড়ি পার্ক করা যাবে না। পথচারীদের হাঁটতে সুবিধা হবে। তাঁরা রাস্তায় নেমে হাঁটতে বাধ্য হবেন না। দুর্ঘটনার আশঙ্কা কমবে।’ ‘‘টক টু মেয়র’ অনুষ্ঠানে উত্তর কলকাতার নর্দান অ্যাভিনিউ থেকে একটি ফোন আসে। অভিযোগকারী জানান, রাস্তা অপরিসর। কিন্তু ফুটপাত চওড়া হওয়ার সুযোগ নিয়ে দিনের পর দিন ফুটপাতেই গাড়ি পার্ক করা হচ্ছে। ফলে রাস্তাতে চলাচল করা যাচ্ছে না। অন্যদিকে ফুটপাত দিয়েও হাঁটা যাচ্ছে না। এই পরিপ্রেক্ষিতে মেয়র নির্দেশ দেন, যেখানে পাঁচ ফুটের বেশি চওড়া ফুটপাত আছে সেখানে রাস্তা চওড়া করা হোক। তাহলে রাস্তা চওড়া হলে গাড়ি পার্ক করা যাবে। ফুটপাতে হাঁটতে অসুবিধা হবে না। শহরের সর্বত্র এই কাজ করতে নির্দেশ দেন ফিরহাদ। পুরসভার আধিকারিকরা জানান, সাদার্ন অ্যাভিনিউ, বালিগঞ্জ, টালা, যাদবপুর, সিআইটি রোড সহ শহরের বহু রাস্তায় ফুটপাত পাঁচ ফুটের বেশি চওড়া। তা খালি পড়ে আছে। অনেকে গাড়ি পার্ক করেন। কিছু রাস্তায় চওড়া ফুটপাতে সবুজায়ন করার কাজ হয়েছে। ফলে সেখানে বড় গাড়ি পার্ক করার সুযোগ নেই। কিন্তু সর্বত্র একরকম ছবি নয়। নিয়ম অনুযায়ী, ফুটপাত পাঁচ ফুট চওড়া রাখতেই হবে। বাকি অংশ কেটে দেওয়া যেতে পারে। ফলে রাস্তা প্রশস্ত হবে।



