অযোধ্যা: নিভে গিয়েছে প্রদীপ। কিছুটা তেল তখনও পড়ে। ভিড় করে সেই তেল সংগ্রহ করছে হতদরিদ্র পরিবারের শিশু-কিশোর ও মহিলারা। প্রতিবছর অযোধ্যার দীপোৎসবের পর এমন ছবি সামনে আসে। এবারও ব্যতিক্রম হয়নি। তবে এবছর তেল সংগ্রহকারীদের লাঠির আঘাতও খেতে হয়েছে বলে অভিযোগ। বেশ কিছু ভিডিয়োতে সেই ছবিও দেখা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই বিজেপি শিবিরকে বিঁধলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বিষয়টাকে লজ্জাজনক বলে উল্লেখ করে অখিলেশের আশ্বাস, তাঁর দল ক্ষমতায় এলে কাউকে এভাবে কাউকে মার খেতে হবে না।
শনিবার ৩০ লক্ষ মাটির প্রদীপ জ্বালিয়ে নতুন গিনেস বিশ্বরেকর্ড গড়ে অযোধ্যা। সেই অনুষ্ঠান শেষ হওয়ার পর প্রদীপে অবশিষ্ট তেল সংগ্রহের জন্য সরযুর ঘাটে ভিড়ের ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। পাশাপাশি, তেল সংগ্রহকারীদের লাঠি দিয়ে মেরে বাধা দেওয়ার অভিযোগও ওঠে। উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনাকে কেন্দ্র করেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। সোমবার সমাজমাধ্যমে অখিলেশ লেখেন, কয়েক মাসের মধ্যেই তাঁদের ‘পিডিএ সরকার’ ক্ষমতায় আসবে। তারপর রেশনে সর্ষের তেল সরবরাহ করা হবে, যাতে কোনো শোষিত, বঞ্চিত বা দরিদ্র মানুষকে বিজেপির লোকেদের হাতে লাঠির আঘাতে অপমানিত হতে না হয়। বিজেপির অত্যাচারে যাঁরা ক্ষুব্ধ ও অপমানিত, তাঁরাই এবার দলটিকে স্থায়ীভাবে ক্ষমতাচ্যুত করবেন বলেও দাবি করেন তিনি।
সপা প্রধানের অভিযোগ, বিজেপির লোকেরা মহিলাদের সম্মান করেন না বরং তাঁদের অপমান করেন। এই ঘটনায় জাতীয় মহিলা কমিশনের হস্তক্ষেপও দাবি করেন তিনি। অখিলেশ আরও বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং সাম্প্রতিক বিধান পরিষদ নির্বাচনের ফল প্রমাণ করেছে, মানুষের কাছে বিজেপির স্লোগানের জৌলুস ফিকে হয়ে গিয়েছে। এব্যাপারে অযোধ্যার মেয়র গিরিশ পতি ত্রিপাঠী জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে পুরসভা অবগত। এ বছরও বস্তি এলাকায় তেল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। তবে দীপোৎসবের পর এমন ঘটনা যাতে না ঘটে, তার জন্য বিকল্প ব্যবস্থার প্রয়োজন রয়েছে বলে স্বীকার করেন তিনি। অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত মাটির প্রদীপ সরিয়ে নেওয়ার কথা ভাবা হয়েছিল বলে জানান ত্রিপাঠী। কিন্তু প্রদীপের সংখ্যা বিপুল হওয়ায় ও অধিকাংশ জ্বলতে থাকায় দ্রুত সেগুলি সরানো সম্ভব হয়নি।- ফাইল চিত্র



