Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

‘নাম বাদ পড়লে লন্ডভন্ড হবে’, এসআইআর নিয়ে হুংকার সাবিনার

নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে এবার হুংকার সেচ ও জলপথ এবং উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের।

‘নাম বাদ পড়লে লন্ডভন্ড হবে’, এসআইআর নিয়ে হুংকার সাবিনার
  • ১৪ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা, মালদহ: নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে এবার হুংকার সেচ ও জলপথ এবং উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের। রবিবার মোথাবাড়িতে তৃণমূলের বিজয়া সম্মিলনির মঞ্চ থেকে সাবিনার এই হুঁশিয়ারি নিয়ে সোমবার পাল্টা হুমকি দিয়েছেন শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। সাবিনাকে আক্রমণ করেছেন ইংলিশবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীও। বাংলা ভাষা ঠিকভাবে না জানায় বিজেপি তাঁর বক্তব্যের বিভ্রান্তিমূলক ব্যাখ্যা করছে বলে দাবি করেছেন মন্ত্রী সাবিনা।

Advertisement

রবিবার মোথাবাড়িতে বিজয়া সম্মিলনির মঞ্চে সাবিনা বলেন, এসআইআর করছে করুক। কিন্তু একজন প্রকৃত ভোটারের নামও যদি তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হয়, তবে আমি নিজে মোথাবাড়ি লন্ডভন্ড করে দেব। মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া রুখে দেব। তাঁর এই হুংকারে শোরগোল পড়ে গিয়েছে। 
রাজ্যের মন্ত্রীর হুংকারে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত।  সুকান্ত সোমবার বলেছেন, তিনি মোথাবাড়ির সেই অশান্তির কথা আবার মনে করিয়ে দিতে চাইছেন। আমি মালদহের মানুষের হাতে এর বিচার ছেড়ে দিচ্ছি। 
সুকান্ত বলেন, ইংলিশবাজারের মানুষকে স্পষ্ট করে বলে দিতে চাই, সাবিনাকে আলাদা করে ভাববেন না। তিনি যেকথা বলছেন ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের কথা। তৈরি হয়ে যান। সব জায়গাতে এরা লন্ডভন্ড করার চেষ্টা করবে। লন্ডভন্ড করার চেষ্টা করলে ইংলিশবাজারে পুলিশ কিছু করবে না।
মন্ত্রী সাবিনার মন্তব্যে ‘তৃণমূলের আগ্রাসনই’ প্রকাশ পেয়েছে বলে দাবি করেছেন বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী। এসআইআর প্রসঙ্গে তাঁর সাফ কথা, অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবেই। মন্ত্রী সাবিনা নাটক করছেন। 
পাল্টা সাবিনা বলেন, বিজেপি নেতারা আগে বাংলা ভাষার পাঠ নিন। আমার বক্তব্যের নির্যাস ছিল, অন্যায়ভাবে কোনও প্রকৃত ভোটারের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে আমি রুখে দাঁড়াব। মোথাবাড়িতেই এসআইআর নিয়ে তৃণমূল প্রথম স্মারকলিপি জমা দিয়েছে বলেও এদিন দাবি করেছেন সাবিনা।

Advertisement
সম্পর্কিত সংবাদ